আবু রায়হান, রংপুর ব্যুরো: “বিদ্যুৎ কোনো মুনাফার পণ্য নয়, এটি জনগণের মৌলিক অধিকার”—এই স্লোগানকে সামনে রেখে রংপুরে প্রিপেইড মিটার বাতিলের দাবিতে গণঅবস্থান কর্মসূচি পালন করেছে মহানগর নাগরিক কমিটি।
শনিবার (৯ মে) সকাল ১১টায় রংপুর প্রেসক্লাব চত্বরে আয়োজিত এই কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।
কর্মসূচিতে বক্তারা অভিযোগ করেন যে, জনমত উপেক্ষা করে প্রিপেইড মিটার চালুর মাধ্যমে সাধারণ গ্রাহকদের ওপর অতিরিক্ত অর্থনৈতিক চাপ ও হয়রানি চাপিয়ে দেওয়া হচ্ছে। তারা উল্লেখ করেন, এই ব্যবস্থার কারণে অতিরিক্ত চার্জ কাটা, ঘনঘন সংযোগ বিচ্ছিন্ন হওয়া এবং রিচার্জ জটিলতার মতো সমস্যাগুলো গ্রাহকদের জীবন দুর্বিষহ করে তুলেছে। বিদ্যমান পোস্টপেইড ব্যবস্থা বহাল রাখার জোর দাবি জানানো হয় সমাবেশ থেকে।
রংপুর মহানগর নাগরিক কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট পলাশ কান্তি নাগের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বক্তারা বলেন, নিত্যপণ্যের ঊর্ধ্বগতির এই সময়ে প্রিপেইড মিটারের নামে অতিরিক্ত অর্থ আদায় কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা বিদ্যুৎ সেবাকে ব্যবসায়িক খাতে পরিণত করার তীব্র সমালোচনা করেন এবং দাবি আদায়ে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
এ.আই.এল/সকালবেলা