স্কুল শিক্ষার্থীদের পাটের ব্যাগ ও ড্রেস দিচ্ছে সরকার; জুলাইয়ে শুরু

রাকিবুল হাসান
প্রকাশ: শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ণ
স্কুল শিক্ষার্থীদের পাটের ব্যাগ ও ড্রেস দিচ্ছে সরকার; জুলাইয়ে শুরু

নিজস্ব প্রতিবেদক: দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য এক ব্যতিক্রমী ও পরিবেশবান্ধব উদ্যোগ গ্রহণ করেছে সরকার। আগামী জুলাই মাস থেকে দেশব্যাপী শিক্ষার্থীদের মাঝে পাটের তৈরি স্কুল ব্যাগ ও স্কুল ড্রেস বিতরণ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে। প্রাথমিক পর্যায়ে এটি পাইলট প্রকল্প হিসেবে যাত্রা শুরু করবে।

পরিকল্পনা অনুযায়ী, জুলাই মাসের শুরু থেকে প্রতি মাসে দুটি করে উপজেলায় এই বিশেষ কার্যক্রম চালু হবে। প্রতিটি উপজেলা থেকে দুটি করে বিদ্যালয় বাছাই করে প্রাথমিকভাবে প্রথম শ্রেণির শিক্ষার্থীদের হাতে ব্যাগ ও ড্রেস তুলে দেওয়া হবে। পরবর্তীতে পর্যায়ক্রমে অন্যান্য সকল শ্রেণিতেও এই সেবা সম্প্রসারণের রোডম্যাপ তৈরি করা হয়েছে।

চলতি অর্থবছরের মধ্যেই অন্তত দুই লাখ শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে স্কুল ড্রেস, ব্যাগ ও জুতা বিতরণের কর্মযজ্ঞ হাতে নিয়েছে সরকার। আগামী ৭ জুন অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় বাজেট অধিবেশনে শিক্ষা খাতে রেকর্ড পরিমাণ বরাদ্দ বাড়ানোর পরিকল্পনা রয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদে ঘোষণা করেছেন যে, ২০২৬-২০২৭ অর্থবছরের বাজেটে শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে এবং শিক্ষা খাতের বরাদ্দ পর্যায়ক্রমে জিডিপির ৫ শতাংশে উন্নীত করা হবে।

সচিবালয়ে আয়োজিত এক সভায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন জানান, প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনায় প্রাথমিক ও গণশিক্ষা, বস্ত্র ও পাট এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে এই প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। তিনি বলেন, “দেশীয় পণ্যের প্রসার ও 'মেড ইন বাংলাদেশ' উদ্যোগকে বিশ্বজুড়ে ব্র্যান্ডিং করাই আমাদের লক্ষ্য। এতে পরিবেশ রক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম ও সমতার মানসিকতা গড়ে উঠবে।”

সংসদে লিখিত প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান উল্লেখ করেন যে, সরকার একটি গুণগত ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে বদ্ধপরিকর। শিক্ষা খাতের মানোন্নয়নে মোট ৪৩টি ক্ষেত্র চিহ্নিত করে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, এই পদক্ষেপ প্রাথমিক শিক্ষার হার বৃদ্ধি এবং ঝরে পড়া রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মন্তব্য করুন