ক্রীড়া ডেস্ক: 'ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট'—এই প্রবাদের সার্থক রূপ দিলেন নাজমুল হোসেন শান্ত। মিরপুরে পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে দুর্দান্ত এক সেঞ্চুরি হাঁকিয়ে বাংলাদেশের টেস্ট ইতিহাসে এক নতুন রেকর্ড গড়েছেন তিনি। দেশের টেস্ট অধিনায়কদের মধ্যে এখন সর্বোচ্চ সেঞ্চুরির মালিক নাজমুল হোসেন শান্ত।
আজকের সেঞ্চুরিটি ছিল টেস্ট অধিনায়ক হিসেবে শান্তর পঞ্চম (৫ম) শতরান। এর মাধ্যমে তিনি ছাড়িয়ে গেছেন অভিজ্ঞ মুশফিকুর রহিমকে, যার অধিনায়ক হিসেবে ৪টি টেস্ট সেঞ্চুরি ছিল। ৩টি সেঞ্চুরি নিয়ে এই তালিকার তৃতীয় স্থানে আছেন মমিনুল হক। এটি শান্তর টেস্ট ক্যারিয়ারের ৯ম সেঞ্চুরি। বাংলাদেশের পক্ষে সামগ্রিকভাবে সর্বোচ্চ ১৩টি করে সেঞ্চুরি নিয়ে শীর্ষে আছেন মুশফিক ও মমিনুল।
শান্তর এই সেঞ্চুরিটি এসেছে দলের চরম বিপর্যয়ের মুহূর্তে। দলীয় মাত্র ৩১ রানে দুই ওপেনারকে হারিয়ে বাংলাদেশ যখন ধুঁকছিল, তখন পাকিস্তানের বোলারদের সামনে দেয়াল হয়ে দাঁড়ান তিনি। তৃতীয় উইকেটে মমিনুল হককে সঙ্গী করে ১৭০ রানের এক মহাকাব্যিক জুটি গড়ে ম্যাচের নিয়ন্ত্রণ বাংলাদেশের হাতে এনে দেন অধিনায়ক।
ইনিংসের ৫৩তম ওভারে মোহাম্মদ আব্বাসের বলে বাউন্ডারি মেরে সেঞ্চুরি পূর্ণ করেন শান্ত। শতরান পূর্ণ করার পর নিজের চিরচেনা স্টাইলে—হেলমেট খুলে শূন্যে লাফিয়ে বাঘের মতো গর্জন করে উদযাপন করেন তিনি। তবে সেঞ্চুরির ঠিক পরের বলেই মোহাম্মদ আব্বাসের বলে এলবিডব্লিউর শিকার হয়ে সাজঘরে ফেরেন তিনি। ১৩০ বলে ১০১ রানের ইনিংসটি ছিল ১২টি চার ও ২টি ছক্কায় সাজানো।
শান্ত আউট হলেও মমিনুল ও মুশফিক জুটিতে ভর করে বড় সংগ্রহের দিকে এগুচ্ছে বাংলাদেশ। প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ২৫৯ রান। মমিনুল হক ৮৭ রানে এবং মুশফিকুর রহিম ২১ রানে অপরাজিত আছেন।
জান্নাত/সকালবেলা