মুমিনুলের ফিফটিতে বড় সংগ্রহের পথে বাংলাদেশ

জান্নাতুল ফেরদৌস
প্রকাশ: শুক্রবার, ০৮ মে ২০২৬, ০২:০৬ অপরাহ্ণ
মুমিনুলের ফিফটিতে বড় সংগ্রহের পথে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক: মিরপুর টেস্টে পাকিস্তানের বিপক্ষে শক্ত অবস্থানে দাঁড়িয়েছে বাংলাদেশ। ব্যক্তিগত হাফসেঞ্চুরি তুলে নিয়েছেন অভিজ্ঞ ব্যাটার মুমিনুল হক। ৪২তম ওভারে নোমান আলীর প্রথম বলে ২ রান নিয়ে টেস্ট ক্যারিয়ারের ২৬তম ফিফটি পূর্ণ করেন এই বাঁহাতি। ফিফটি ছুঁতে তিনি ১০২টি বল মোকাবিলা করেছেন, যার মধ্যে ছিল ৬টি চারের মার।

মুমিনুলের এই ফিফটি তার ধারাবাহিকতারই প্রতিফলন। টেস্ট ক্যারিয়ারে নিজের সর্বশেষ চার ইনিংসেই (৮২, ৬৩, ৮৭ ও ৫২*) হাফসেঞ্চুরির দেখা পেলেন তিনি। এখন দেখার বিষয়, এই ইনিংসটিকে তিনি সেঞ্চুরিতে রূপান্তর করতে পারেন কি না। অন্যপ্রান্তে অধিনায়ক নাজমুল হোসেন শান্তও দাপুটে ব্যাটিং চালিয়ে যাচ্ছেন। প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশ ৪২ ওভারে ২ উইকেট হারিয়ে ১৬২ রান সংগ্রহ করেছে। নাজমুল ৭৭ এবং মুমিনুল ৫২ রানে অপরাজিত আছেন।

তৃতীয় উইকেটে এই দুই ব্যাটার ইতিমধ্যে ১৩১ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দলকে বড় সংগ্রহের স্বপ্ন দেখাচ্ছেন। এর আগে দলীয় ৩১ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়লে এই জুটিই দলের হাল ধরেন। ৩৬ ওভার শেষে যখন দলীয় রান ছিল ১৩৪, তখনই এই জুটির অবদান ছিল ১০৩ রান। পাকিস্তানি বোলারদের কোনো সুযোগ না দিয়ে ধীরস্থিরভাবে রান তুলে সেশনটি নিজেদের করে নিয়েছে টাইগাররা।

জান্নাত/সকালবেলা

মন্তব্য করুন