প্রথম জয়ের সন্ধানে মিরপুর টেস্টে টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

জান্নাতুল ফেরদৌস
প্রকাশ: শুক্রবার, ০৮ মে ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ণ
প্রথম জয়ের সন্ধানে মিরপুর টেস্টে টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম জয়ের লক্ষ্য নিয়ে পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে মাঠে নেমেছে বাংলাদেশ। শুক্রবার (৮ মে) মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন পাকিস্তান অধিনায়ক শান মাসুদ। ঘরের মাঠে কন্ডিশনের সুবিধা নিয়ে বড় সংগ্রহের প্রত্যাশায় ব্যাটিংয়ে নেমেছে নাজমুল হোসেন শান্তর দল। মিরপুর টেস্টে বাংলাদেশ তাদের বোলিং আক্রমণে বৈচিত্র্য রাখতে পাঁচজন বিশেষজ্ঞ বোলার নিয়ে একাদশ সাজিয়েছে। পেস আক্রমণে তাসকিন আহমেদ ও ইবাদত হোসেনের সঙ্গে থাকছেন গতিদানব নাহিদ রানা। স্পিন বিভাগে মেহেদী হাসান মিরাজের সাথে মূল দায়িত্ব সামলাবেন তাইজুল ইসলাম।

এদিকে পাকিস্তান একাদশে আজ বড় পরিবর্তন লক্ষ্য করা গেছে। দীর্ঘ ফরম্যাটের এই ক্রিকেটে আজ পাকিস্তানের জার্সিতে অভিষেক হচ্ছে আজান আওয়াইস ও আব্দুল্লাহ ফজলের। সফরকারীরা তাদের বোলিং বিভাগ সাজিয়েছে শাহিন আফ্রিদি, হাসান আলী ও মুহাম্মদ আব্বাসের মতো অভিজ্ঞ পেসারদের নিয়ে। অন্যদিকে বাংলাদেশ একাদশে ব্যাটিংয়ের মূল ভরসা হিসেবে থাকছেন অভিজ্ঞ মুশফিকুর রহিম, মুমিনুল হক ও লিটন দাস। সিরিজের শুরুতেই টসে হেরে ব্যাটিংয়ে নামলেও মিরপুরের পিচে পাকিস্তান বোলারদের সামলে ভালো সূচনা করতে মরিয়া টাইগার ওপেনাররা। টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে নিজেদের অবস্থান শক্ত করতে এই ম্যাচে জয় ভিন্ন অন্য কিছু ভাবছে না স্বাগতিক শিবির।

জান্নাত/সকালবেলা

মন্তব্য করুন