হরমুজ নিয়ে ট্রাম্পকে সতর্কবার্তা দিল ইরান

জান্নাতুল ফেরদৌস
প্রকাশ: সোমবার, ০৪ মে ২০২৬, ১১:১০ পূর্বাহ্ণ
হরমুজ নিয়ে ট্রাম্পকে সতর্কবার্তা দিল ইরান

হরমুজ প্রণালিতে আটকে পড়া জাহাজগুলোকে মুক্ত করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত ‘প্রজেক্ট ফ্রিডম’-এর কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। ইরানের জাতীয় নিরাপত্তা সংস্থার ন্যাশনাল সিকিউরিটি কমিশনের প্রধান এব্রাহিম আজিজি একে ‘হস্তক্ষেপ’ উল্লেখ করে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছেন। আজ সোমবার (৪ মে ২০২৬) সকালে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ তথ্য নিশ্চিত করেছে।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সোমবার (বাংলাদেশ সময় আজ রাতে) থেকে এই বিশেষ অভিযান শুরু হওয়ার কথা রয়েছে। ট্রাম্প তাঁর সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে জানান, মধ্যপ্রাচ্যের আঞ্চলিক সংঘাতের সঙ্গে সরাসরি সংশ্লিষ্ট নয় এমন অনেক দেশের অনুরোধে মার্কিন নৌবাহিনী এই পদক্ষেপ নিচ্ছে। নৌবাহিনীর পাহারার মাধ্যমে আটকে পড়া শতাধিক বাণিজ্যিক জাহাজকে প্রণালি থেকে বের করে আনাই এই প্রকল্পের মূল লক্ষ্য।

ট্রাম্পের এই ঘোষণার পরপরই ইরানের পক্ষ থেকে এব্রাহিম আজিজি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) লেখেন, হরমুজ প্রণালির নতুন সামুদ্রিক প্রশাসনিক ব্যবস্থায় যুক্তরাষ্ট্রের যেকোনো হস্তক্ষেপকে ‘চলমান যুদ্ধবিরতি লঙ্ঘন’ হিসেবে বিবেচনা করা হবে।

গত ২৮ ফেব্রুয়ারি ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধ শুরুর পর থেকে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক জলপথ হরমুজ প্রণালিতে অবরোধ জারি করে ইরান। ১৬৭ কিলোমিটার দীর্ঘ এই প্রণালি দিয়ে বিশ্বের এক-পঞ্চমাংশ তেল-গ্যাস ও জ্বালানি পণ্য পরিবহন করা হয়। ইরানের অবরোধের ফলে সেখানে শতাধিক বাণিজ্যিক জাহাজ আটকা পড়ে আছে।

যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ এবং ইরানের পাল্টা হুঁশিয়ারির ফলে মধ্যপ্রাচ্যের উত্তেজনা নতুন মাত্রা পেল বলে মনে করছেন বিশ্লেষকরা।

জান্নাত/সকালবেলা

মন্তব্য করুন