প্রখ্যাত ফুটবলার ও দুইবারের ব্যালন ডি'অর জয়ী কেভিন কিগান মারা গেছেন

প্রকাশ: মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৩:২৬ অপরাহ্ণ
প্রখ্যাত ফুটবলার ও দুইবারের ব্যালন ডি'অর জয়ী কেভিন কিগান মারা গেছেন

অনলাইন ডেস্ক: ফুটবল বিশ্বকে শোকস্তব্ধ করে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক, সফল কোচ এবং দুইবারের ঐতিহাসিক ব্যালন ডি’অর জয়ী ফুটবল কিংবদন্তি কেভিন কিগান। মরণব্যাধি ক্যান্সারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে ৭৫ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

সোমবার (২০ জুলাই) তার পরিবারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে মৃত্যুর খবর নিশ্চিত করা হয়। এর আগে গত জুন মাসে কিগান নিজেই প্রকাশ্যে জানান, তিনি চতুর্থ স্তরের ক্যান্সারে আক্রান্ত এবং ব্যাধিটি তার শরীরে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। জীবনের শেষ মুহূর্তে পরিবারের ভালোবাসার মানুষদের সান্নিধ্যেই ছিলেন এই তারকা।

খেলোয়াড়ি জীবনে সত্তরের দশকে বিশ্ব ফুটবলে নিজের আধিপত্য বিস্তার করেছিলেন কিগান। ইংলিশ জায়ান্ট লিভারপুলের জার্সিতে ছয় বছরে তিনটি ফুটবল লিগ শিরোপা, একটি ইউরোপিয়ান কাপ এবং দুটি উয়েফা কাপ জেতার স্বাদ পান তিনি। পরবর্তীতে জার্মান ক্লাব হামবুর্গে যোগ দিয়ে দলটিকে মর্যাদাপূর্ণ বুন্ডেসলিগা ট্রফি জেতাতেও অনন্য ভূমিকা রাখেন। এছাড়া সাউথ্যাম্পটন ও নিউক্যাসল ইউনাইটেডের হয়েও তার নৈপুণ্য ছিল দর্শনীয়।

ব্যক্তিগত অর্জনে কিগান পৌঁছান ফুটবলের সর্বোচ্চ চূড়ায়। ১৯৭৮ এবং ১৯৭৯ সালে টানা দুবার বিশ্বের সেরা ফুটবলারের পুরস্কার ‘ব্যালন ডি'অর’ জয় করেন তিনি। এখন পর্যন্ত যে চারজন ইংলিশ ফুটবলার ইতিহাসজুড়ে এই বিরল সম্মাননা অর্জন করেছেন, কিগান তাদের অন্যতম।

ইংল্যান্ড জাতীয় দলের হয়ে ১৯৭২ থেকে ১৯৮২ সাল পর্যন্ত ৬৩টি ম্যাচ খেলে ২১টি গোল করেন কিগান। খেলোয়াড়ি জীবন শেষে ১৯৯৯ থেকে ২০০০ সাল পর্যন্ত ইংল্যান্ড জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব সামলান তিনি। ক্লাব ফুটবলে নিউক্যাসল ইউনাইটেড, ফুলহ্যাম ও ম্যানচেস্টার সিটির কোচের দায়িত্বেও সফল ছিলেন এই কিংবদন্তি।

কিগানের প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছে ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন, লিভারপুল, ম্যানচেস্টার সিটি এবং নিউক্যাসল ইউনাইটেড। প্রিয় কোচের প্রয়াণে শোক প্রকাশ করে সাবেক ইংলিশ অধিনায়ক অ্যালান শিয়ারার এক আবেগঘন বার্তায় লিখেন, "আমার নায়ক, আমার কোচ, আমার বন্ধু। শান্তিতে ঘুমান, বস।"

মন্তব্য করুন