বাংলাদেশের বিশ্বকাপ উন্মাদনা এবার ফিফার অফিশিয়াল পেজে

প্রকাশ: বুধবার, ২৪ জুন ২০২৬, ০৩:২৯ অপরাহ্ণ
বাংলাদেশের বিশ্বকাপ উন্মাদনা এবার ফিফার অফিশিয়াল পেজে

স্পোর্টস ডেস্ক: ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের কোনো প্রতিনিধিত্ব না থাকলেও দেশের মানুষের আগ্রহ ও আবেগে তার কোনো প্রভাব পড়ে না। বিশ্বকাপ এলেই শহর, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে শুরু করে প্রত্যন্ত গ্রামাঞ্চল পর্যন্ত ছড়িয়ে পড়ে প্রিয় দলের প্রতি সমর্থনের নানা আয়োজন। বাংলাদেশের ফুটবলপ্রেমীদের এই অনন্য উৎসবমুখর পরিবেশ এবার বিশেষ স্বীকৃতি পেয়েছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার কাছ থেকেও।

সংস্থাটি তাদের অফিশিয়াল ফেসবুক পেজে বাংলাদেশের বিশ্বকাপ উন্মাদনা নিয়ে পোস্ট প্রকাশ করেছে। সেখানে বাংলাদেশের ফুটবলভক্তদের ফুটবল ঘিরে যে গভীর আবেগ ও ভালোবাসা, তারই প্রতিফলন ঘটেছে।

চলতি আসরে বাংলাদেশের এই উন্মাদনা আন্তর্জাতিক মহলেও বেশ নজর কাড়ছে। সম্প্রতি দেশের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের বড় পর্দায় একসঙ্গে খেলা দেখার একটি ভিডিও ব্রাজিলিয়ান তারকা নেইমারের অফিশিয়াল টিম পেজেও শেয়ার করা হয়েছে।

বাংলাদেশে মূলত আর্জেন্টিনা ও ব্রাজিলের সমর্থক সংখ্যা সবচেয়ে বেশি। বিশ্বকাপের সময় সমর্থকদের বিশাল পতাকা তৈরি কিংবা ব্যতিক্রমী শোভাযাত্রা সামাজিক যোগাযোগমাধ্যমের কল্যাণে এখন আর্জেন্টিনা, ব্রাজিলসহ বিশ্বের নানা প্রান্তে পৌঁছে যাচ্ছে, যা নিয়মিত আন্তর্জাতিক গণমাধ্যমেরও দৃষ্টি আকর্ষণ করছে।

মন্তব্য করুন