ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মেহেদী হাসান মিরাজের করা রানআউটের পর মেজাজ ধরে রাখতে পারেননি সালমান আলী আগা। রাগের মাথায় মাঠেই গ্লাভস ও হেলমেট ছুড়ে মারেন এই পাকিস্তানি ব্যাটার। এই অসদাচরণের দায়ে এবার শাস্তি পেতে হলো তাঁকে।
গ্লাভস ও হেলমেট ছুড়ে মারার ঘটনায় সালমানকে তিরস্কার করা হয়েছে। পাশাপাশি তাঁর নামের পাশে একটি ডিমেরিট পয়েন্ট যোগ করা হয়েছে। গত দুই বছরের মধ্যে এই প্রথম ডিমেরিট পয়েন্ট পেলেন সালমান।
আলোচিত ম্যাচটিতে ১২৮ রানের জয় তুলে নেয় পাকিস্তান। সফরকারীদের ইনিংসের ৩৯তম ওভারে মিরাজের করা বলটি রক্ষণাত্মক ভঙ্গিতে খেলেন মোহাম্মদ রিজওয়ান। মিরাজ পা দিয়ে বল থামানোর পর সালমান বল তুলে মিরাজকে দেওয়ার চেষ্টা করেন। তবে তার আগেই মিরাজ বল তুলে স্টাম্প ভেঙে দেন। এরপর আবেদনের প্রেক্ষিতে তৃতীয় আম্পায়ার সালমানকে আউট ঘোষণা করেন।
তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্তের আগেই সালমান মাঠেই অসন্তুষ্টি প্রকাশ করেন এবং হেলমেট ও গ্লাভস ছুড়ে মারেন। এ ঘটনাকে কেন্দ্র করে লিটন দাসের সঙ্গে তাঁর তর্ক হয় এবং রিজওয়ান পরিস্থিতি শান্ত করেন। তবে মাঠ ছেড়ে বাউন্ডারি সীমানা পার হওয়ার পরও তিনি আরও একবার হেলমেট ও গ্লাভস ছুড়ে মারেন।
এই ঘটনায় সালমানের বিরুদ্ধে ‘অ্যাবিউজিং অব ক্রিকেট ইকুইপমেন্ট’ বা ক্রিকেট সরঞ্জামের অপব্যবহারের অভিযোগ আনেন ম্যাচ রেফারি নিয়ামুর রশিদ। এই অভিযোগ মেনে নেওয়ায় পাকিস্তানি ক্রিকেটারের বিরুদ্ধে আর আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।
আই.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ