সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে কলাপাড়ায় মানববন্ধন

প্রকাশ: সোমবার, ২৫ মে ২০২৬, ০৭:২৬ অপরাহ্ণ
সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে কলাপাড়ায় মানববন্ধন

আব্দুল কাইয়ুম আরজু, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: ঢাকার সাভারে মাদকের অনুসন্ধানী সংবাদ সংগ্রহ করতে গিয়ে মাদক ব্যবসায়ী চক্রের বর্বরোচিত হামলার শিকার হয়েছেন দেশ টেলিভিশনের সিনিয়র রিপোর্টার ও জাতীয় প্রেসক্লাবের সদস্য তাইফুর রহমান তুহিন এবং এসএ টিভির সাংবাদিক সাদ্দামসহ তাঁদের পুরো টিম। এই ন্যাক্কারজনক ও নৃশংস ঘটনার তীব্র প্রতিবাদ এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পটুয়াখালীর কলাপাড়ায় বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (২৫ মে) বেলা এগারোটায় কলাপাড়া প্রেসক্লাব চত্বরে এই প্রতিবাদী কর্মসূচির আয়োজন করা হয়। কলাপাড়া প্রেসক্লাব, কলাপাড়া রিপোর্টার্স ইউনিটি এবং কলাপাড়া টেলিভিশন জার্নালিস্ট ফোরাম যৌথভাবে এই মানববন্ধনের ডাক দেয়।

মানববন্ধনে স্থানীয় মূলধারার গণমাধ্যমকর্মীদের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, সচেতন নাগরিক সমাজ এবং বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় নেতাকর্মীরা অংশ নিয়ে সাংবাদিকদের এই অধিকার আদায়ের আন্দোলনের প্রতি একাত্মতা ও সংহতি প্রকাশ করেন।

প্রতিবাদ সমাবেশে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, “একজন প্রথম শ্রেণীর জ্যেষ্ঠ সাংবাদিক ও সংবাদকর্মীদের ওপর প্রকাশ্য দিবালোকে এই ধরণের নৃশংস হামলা অত্যন্ত উদ্বেগজনক এবং কাপুরুষোচিত। এটি কেবল ব্যক্তি তুহিন বা সাদ্দামের ওপর হামলা নয়, বরং এটি দেশের স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমের কণ্ঠরোধ করার একটি সুপরিকল্পিত অপচেষ্টা। মাদক সিন্ডিকেটের হাত কতটা লম্বা হলে তারা রাষ্ট্রীয় চতুর্থ স্তম্ভের ওপর এভাবে চড়াও হতে পারে, তা ভাবলে গা শিউরে ওঠে।”

সমাবেশ থেকে কলাপাড়ার সর্বস্তরের সাংবাদিকরা সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও স্থানীয় প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়ে বলেন, হামলার মূলহোতা ও চিহ্নিত শীর্ষ মাদক ব্যবসায়ী শামীমসহ সব আসামিকে অনতিবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। অন্যথায় সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতকরণ ও গণমাধ্যমের স্বাধীনতার স্বার্থে দেশব্যাপী আরও কঠোর ও রাজপথ কাঁপানো কর্মসূচির হুঁশিয়ারি দেন তাঁরা।

উল্লেখ্য, গত শুক্রবার সাভারের পশ্চিম রাজাশন এলাকায় মাদক চোরাকারবারি ও মাদকের ভয়াবহ বিস্তারের ওপর একটি বিশেষ অনুসন্ধানী সংবাদ সংগ্রহ করতে যান সাংবাদিক তুহিন ও সাদ্দাম। সংবাদ ধারণের এক পর্যায়ে স্থানীয় মাদক সিন্ডিকেটের সদস্যরা দেশীয় ধারালো অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সাংবাদিক দলটির ওপর অতর্কিত ও মরণপণ হামলা চালায়। এতে তাঁরা গুরুতর রক্তাক্ত ও আহত হন।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন