চট্টগ্রাম বন্দরে তেলবাহী জাহাজে আগুন, নিয়ন্ত্রণে কোস্ট গার্ড

প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ণ
চট্টগ্রাম বন্দরে তেলবাহী জাহাজে আগুন, নিয়ন্ত্রণে কোস্ট গার্ড

চট্টগ্রাম ব্যুরো: দেশজুড়ে যখন পবিত্র ঈদুল আজহার আনন্দ উৎসব চলছে, ঠিক তখনই চট্টগ্রাম সমুদ্রবন্দরের বহির্নোঙরে নোঙর করে রাখা একটি বড় তেলবাহী জাহাজে আকস্মিক ও ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

আজ বৃহস্পতিবার (২৮ মে ২০২৬) সকাল ৭টা ২৫ মিনিটে ‘এমটি মেঘনা ট্রেডার’ নামের একটি তেলবাহী জাহাজে এই আগুন লাগার ঘটনা ঘটে।

অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পরপরই গভীর সমুদ্রে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে এবং বড় ধরনের বিপর্যয় এড়াতে কাজ শুরু করেছে বাংলাদেশ কোস্ট গার্ডের একাধিক বিশেষায়িত ইউনিট। কোস্ট গার্ড পূর্ব জোনের মিডিয়া কন্ট্রোল রুম থেকে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানানো হয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে বাহিনীর সদস্যরা সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছেন।

কোস্ট গার্ড সূত্র জানায়, সমুদ্রের বুকে আগুন নেভাতে কোস্ট গার্ডের শক্তিশালী দুটি জাহাজ ‘শ্যামল বাংলা’ ও ‘বিসিজিটি প্রমত্ত’ সরাসরি অগ্নিনির্বাপণ কাজে অংশ নিয়েছে। এর পাশাপাশি বিসিজি বেইস চট্টগ্রাম, বিসিজি আউটপোস্ট পতেঙ্গা এবং হাইস্পিড বোটসহ দুটি অত্যাধুনিক ফায়ার ফাইটিং টিমকে (অগ্নিনির্বাপণ দল) দ্রুত ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে।

টানা কয়েক ঘণ্টার তীব্র চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সংশ্লিষ্ট বাহিনীর সদস্যরা এখনো সমুদ্রের বুকে উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন। তবে তেলবাহী জাহাজটিতে ঠিক কী কারণে হঠাৎ এই আগুনের সূত্রপাত হয়েছে এবং এতে করে কী পরিমাণ ক্ষয়ক্ষতি বা কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত কোনো তথ্য দিতে পারেনি কোস্ট গার্ড কর্তৃপক্ষ। তেলবাহী জাহাজ হওয়ায় উপকূলীয় এলাকায় পরিবেশগত বিপর্যয় এড়াতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন