লক্ষ্মীপুরে বড় প্রকল্পের ঘোষণা এ্যানি চৌধুরীর
নিজস্ব প্রতিবেদক: পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, গত ১৭ বছর লক্ষ্মীপুরবাসী নানাভাবে বঞ্চনার শিকার হয়েছে। এই অবহেলিত দশা থেকে উত্তরণ ঘটিয়ে জেলাকে একটি আধুনিক ও স্বনির্ভর জনপদ হিসেবে গড়ে তোলা হবে। এর অংশ হিসেবে লক্ষ্মীপুরে একটি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ এবং শিল্পায়নের প্রসারে অর্থনৈতিক জোন গঠন করা হবে।
শুক্রবার (১৫ মে) বিকেলে লক্ষ্মীপুরে নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ্যানি চৌধুরী লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য এবং জেলা বিএনপির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।
মন্ত্রী বলেন, রাস্তাঘাট, জলাবদ্ধতা নিরসন এবং শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নের দিক থেকে লক্ষ্মীপুর দীর্ঘ সময় পিছিয়ে ছিল। চন্দ্রগঞ্জকে উপজেলা হিসেবে গঠনের মাধ্যমে উন্নয়নের যে যাত্রা শুরু হয়েছে, তা অব্যাহত থাকবে। তিনি দৃঢ়তার সাথে বলেন, বিএনপি ক্ষমতায় থাকলে জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণ হয়, যা ইতিমধ্যে প্রমাণিত।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা পরিষদের প্রশাসক সাহাবউদ্দিন সাবু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান এবং বাফুফে সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী। এছাড়া চন্দ্রগঞ্জ থানা বিএনপির সভাপতি বেলাল হোসেন, সাধারণ সম্পাদক ইউছুফ ভূঁইয়া এবং জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) আহমেদ ফেরদৌস মানিকসহ স্থানীয় নেতৃবৃন্দ সভায় বক্তব্য রাখেন।