সিলেটে ত্রিমুখী সড়ক দুর্ঘটনায় নিহত ২

প্রকাশ: শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৭:০৮ অপরাহ্ণ
সিলেটে ত্রিমুখী সড়ক দুর্ঘটনায় নিহত ২

সকালবেলা নিউজ: সিলেটের ওসমানীনগরে তিনটি যানবাহনের ভয়াবহ ত্রিমুখী সংঘর্ষে ঘটনাস্থলেই একজনসহ দুজন নিহত হয়েছেন। এ মর্মান্তিক দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন।

শুক্রবার (৯ অক্টোবর) সকালে সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগর উপজেলার তাজপুর ইউনিয়নের চাঁনপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সিলেট থেকে ঢাকাগামী একটি অ্যাম্বুলেন্সের সঙ্গে বিপরীতমুখী একটি হাইয়েস মাইক্রোবাস ও একটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসের যাত্রী সুহেল আহমদ (৪৭) মারা যান। নিহত সুহেল চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার বাসিন্দা।

দুর্ঘটনার পর স্থানীয়দের সহায়তায় আহত সাতজনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় খায়রুল ইসলাম (৪৭) নামে আরও একজনের মৃত্যু হয়। খায়রুল চাঁদপুর সদর উপজেলার মহামায়া এলাকার বাসিন্দা।

শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে এবং দুর্ঘটনাকবলিত যান তিনটি আটক করে। এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

এআইএল/সকালবেলা