বিরোধী দল অরাজকতা ছড়িয়ে সমাজ নষ্ট করতে চায়: খোকন তালুকদার
বি.এম. হানিফ (কালকিনি-ডাসার, মাদারীপুর): দেশে এমন এক বিরোধী দল তৈরি হয়েছে, যাদের মূল লক্ষ্যই হলো প্রতিটি ক্ষেত্রে অরাজকতা ছড়ানো এবং সমাজকে বিনষ্ট করা বলে মন্তব্য করেছেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার।
শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মাদারীপুরের কালকিনি উপজেলা পরিষদ ভবন চত্বরে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সংসদ সদস্য খোকন তালুকদার বলেন, "ঐ বিরোধী গোষ্ঠীটির কাজই হলো সব সিদ্ধান্তেই দ্বিমুখী অবস্থান নেওয়া। ফুটপাতে দোকান বেশি বসলে তারা যেমন প্রতিবাদ করে, ঠিক তেমনই জনস্বার্থে ফুটপাত হকারমুক্ত ও পরিষ্কার করা হলেও তার বিরুদ্ধে গিয়েই প্রতিবাদ শুরু করে।"
কালকিনি উপজেলা পূজা উদযাপন কমিটির উদ্যোগে আয়োজিত এই সভায় উপস্থিত ছিলেন কালকিনি থানার ওসি জহিরুল আলম, কালকিনি উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বেপারী, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সি, মাদারীপুর জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি প্রাণতোষ মন্ডল, কালকিনি উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি শ্যামা প্রসাদ পাল ও সাধারণ সম্পাদক প্রমথ মন্ডলসহ স্থানীয় সুধীজন ও বিএনপি নেতাকর্মীরা।
এআইএল/সকালবেলা