মহম্মদপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
মহম্মদপুর উপজেলা প্রতিনিধি, মাগুরা: মাগুরার মহম্মদপুরে খেলার সময় পুকুরের পানিতে ডুবে রাইসা (২) ও রাফিয়া (৩) নামের দুই চাচাতো বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
আজ মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) সকালে উপজেলার মৌশা গ্রামে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে। নিহত রাইসা মৌশা গ্রামের আমিনুর রহমানের মেয়ে এবং রাফিয়া তাঁর আপন ভাই আলীনূর রহমানের মেয়ে।
স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে পরিবারের সদস্যদের অলক্ষে রাইসা ও রাফিয়া বাড়ির আঙিনায় একসঙ্গে খেলা করছিল। খেলার ছলে একপর্যায়ে তারা বাড়ির পাশে থাকা পুকুরের কাছে চলে যায় এবং দুর্ঘটনাবশত পানিতে পড়ে তলিয়ে যায়।
কিছুক্ষণ পর শিশুদের দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরের পানি থেকে তাঁদের অচেতন অবস্থায় উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সাকিব কাওসার পরীক্ষা-নিরীক্ষা শেষে দুই শিশুকেই মৃত ঘোষণা করেন।
ডাক্তার সাকিব কাওসার জানান, "হাসপাতালে নিয়ে আসার আগেই শিশু দুটির মৃত্যু হয়েছিল। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে আমরা তাদের মৃত ঘোষণা করি।"
একই পরিবারের দুই নিষ্পাপ শিশুর এমন আকস্মিক ও করুণ মৃত্যুতে পুরো এলাকায় শোকের মাতম চলছে।
এআইএল/সকালবেলা
|