বন্যাকবলিত মানুষের মাঝে জাতীয় ইমাম পরিষদের ত্রাণ বিতরণ
স্টাফ রিপোর্টার: চট্টগ্রামের বন্যাকবলিত অসহায় ও গৃহহারা মানুষের পাশে দাঁড়িয়েছে জাতীয় ইমাম পরিষদ বাংলাদেশ।
আজ মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) চট্টগ্রামের অতিপ্রভাবিত বাঁশখালী ও সাতকানিয়া উপজেলার বন্যাদুর্গত শত শত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী, নগদ আর্থিক সহায়তা এবং প্রয়োজনীয় ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।
ত্রাণ বিতরণ কর্মসূচিতে নেতৃত্ব দেন জাতীয় ইমাম পরিষদ বাংলাদেশের সভাপতি মুফতি আবদুল্লাহ ইয়াহইয়া। এতে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন মুফতি ইউনুস আহমাদ, মুফতি মানজুর আহমাদ, মুফতি জাকির হুসাইন, মুফতি রকিব উদ্দিন, মুফতি জুনাইদ আহমাদ ও মাওলানা আব্দুল্লাহ আল নোমানসহ সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
বিতরণকালে সভাপতি মুফতি আবদুল্লাহ ইয়াহইয়া বলেন, "সাম্প্রতিক আকস্মিক বন্যায় চট্টগ্রামের বহু মানুষ ঘরবাড়ি হারিয়ে চরম সংকটে দিন কাটাচ্ছেন। এমন কঠিন পরিস্থিতিতে সামর্থ্যবান ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর দুর্গতদের পাশে দাঁড়ানো ঈমানি ও নৈতিক দায়িত্ব।" তিনি জানান, মানবিক দায়বদ্ধতা থেকেই সংগঠনটি বিগত এক সপ্তাহ ধরে ত্রাণ ফান্ড সংগ্রহ করে সরাসরি দুর্গতদের কাছে তা পৌঁছে দেওয়ার এ উদ্যোগ নিয়েছে।
সংগঠনটির নেতারা মনে করিয়ে দেন, যেকোনো দুর্যোগে মানবসেবায় এগিয়ে আসা ইসলামের অন্যতম মৌলিক শিক্ষা। তাই ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে দ্রুত স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সমাজের সব স্তরের মানুষকে একযোগে এগিয়ে আসার আহ্বান জানান তারা।
ত্রাণ প্রদান শেষে ক্ষতিগ্রস্তদের দ্রুত পুনর্বাসন এবং দেশের সর্বাঙ্গীন শান্তি ও নিরাপত্তা কামনা করে বিশেষ দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়। পরবর্তীতে সংগঠনের একটি প্রতিনিধিদল চট্টগ্রামের ঐতিহ্যবাহী হাটহাজারী মাদরাসার মুহতামিম আল্লামা খলীল আহমাদ কোরাইশী এবং পটিয়া মাদরাসার মুহতামিম মাওলানা ইকরাম হুসাইন ওয়াদুদীর সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময়ে অংশ নেন।
এআইএল/সকালবেলা
|