বগুড়ায় মেয়েকে ধর্ষণের দায়ে বাবার মৃত্যুদণ্ড
ওয়াফিক শিপলু, বগুড়া প্রতিনিধি: বগুড়ায় নিজ কন্যাকে ধর্ষণের দায়ে আব্দুল খালেক (৫১) নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট ২০২৬) সকাল সাড়ে ১০টার দিকে বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এবং জেলা ও দায়রা জজ মারুফ হোসেন এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামি আব্দুল খালেক আদালতে উপস্থিত ছিলেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) অ্যাডভোকেট আলী আসগর বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার এজাহার ও আদালত সূত্রে জানা যায়, ২০২০ সালের ২১ অক্টোবর ভোর সাড়ে ৪টার দিকে শেরপুর উপজেলার বাগড়া বস্তি এলাকায় নিজ বাড়িতে ওই শিশুটিকে ধর্ষণ করেন আব্দুল খালেক। সে সময় শিশুটির সৎ মা একটি ধান সেদ্ধ করার চাতালে কাজে গিয়েছিলেন। ঘটনাটি কাউকেই না বলতে মেয়েকে হত্যার হুমকি দেন খালেক।
পরবর্তীতে শিশুটি তার শারীরিক ও মানসিক পরিবর্তনের কারণে কাজ বন্ধ করে দিলে সৎ মা তাকে মারধর করেন। একপর্যায়ে বাধ্য হয়ে শিশুটি তার ওপর বাবার পাশবিক নির্যাতনের কথা প্রকাশ করে। তবে সৎ মা সে কথা বিশ্বাস না করে নির্যাতন অব্যাহত রাখলে শিশুটি চরম বাধ্য হয়ে সহপাঠীদের কাছে বিষয়টি খুলে বলে। সহপাঠীদের মাধ্যমে স্থানীয়রা জানতে পেরে থানায় খবর দেয়।
এ ঘটনার পর ২০২০ সালের ৩১ অক্টোবর শিশুটির সৎ মা (আব্দুল খালেকের স্ত্রী) বাদী হয়ে শেরপুর থানায় স্বামী আব্দুল খালেকের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
মামলার তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র জমা দেয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া ও রাষ্ট্রপক্ষের সাক্ষ্য-প্রমাণ বিশ্লেষণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক আসামিকে সর্বোচ্চ এই দণ্ড প্রদান করেন।
এআইএল/সকালবেলা
|