ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পুলিশের মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশ: বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৫:২৪ অপরাহ্ণ
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পুলিশের মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত

সামজাদ জসি, সিনিয়র স্টাফ রিপোর্টার: মাদক সমাজের সমস্ত অপরাধের মূল উৎস। সর্বগ্রাসী এই ব্যাধি এবং ক্রমবর্ধমান কিশোর অপরাধ প্রতিরোধে শুধু আইনশৃঙ্খলা বাহিনী নয়, সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত চেষ্টা প্রয়োজন। ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পুলিশের উদ্যোগে আয়োজিত এক বিশাল মাদকবিরোধী সমাবেশে বক্তারা এ আহ্বান ব্যক্ত করেন।

গতকাল মঙ্গলবার (২৮ জুলাই ২০২৬) রাত ৮টায় ব্রাহ্মণবাড়িয়া সদর থানাধীন কাজীপাড়ে অবস্থিত পৌর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল। তিনি বলেন, “মাদক সেবনকারী ও কারবারিদের প্রতিরোধে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। মাদক রুখতে ওয়ার্ডভিত্তিক প্রতিরোধ কমিটি গঠন এখন সময়ের দাবি।”

তিনি প্রতিটি মসজিদের ইমামদের মাধ্যমে মাদকবিরোধী সামাজিক বার্তা ছড়িয়ে দেওয়া, কোনো মাদক কারবারিকে আইনি সহায়তা না দিতে আইনজীবী সমাজের প্রতি অনুরোধ জানানো এবং কিশোর অপরাধ প্রতিরোধে পরিবারের দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া প্রধান অতিথি ব্রাহ্মণবাড়িয়া জেলায় সরকারি উদ্যোগে একটি আধুনিক মাদক নিরাময় কেন্দ্র নির্মাণের প্রস্তাবনা সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে উত্থাপন করার প্রতিশ্রুতি দেন।

সভাপতির বক্তব্যে ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার শাহ্ মোঃ আব্দুর রউফ মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। অপরাধ দমন ও মাদক নিয়ন্ত্রণে কমিউনিটি পুলিশিং ও বিট পুলিশিং কার্যক্রম আরও জোরদার করার কথা উল্লেখ করার পাশাপাশি অনলাইন জুয়া সম্পর্কে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি।

পুলিশ সুপার আশ্বস্ত করেন, মাদকের বিষয়ে যেকোনো তথ্য সরাসরি তাঁর সরকারি নম্বরে দেওয়া যাবে এবং তথ্য প্রদানকারীর পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে।

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে জেলা পরিষদ প্রশাসক আলহাজ্ব সিরাজুল ইসলাম এক ব্যতিক্রমী উদ্যোগের কথা জানিয়ে বলেন, মাদকসেবী ও কারবারিদের সামাজিকভাবে চিহ্নিত করতে তাদের বাসস্থানে লাল চিহ্ন প্রদান করা হবে।

সমাবেশে র‍্যাব-৯ সিপিসি-১ এর কোম্পানি কমান্ডার মোঃ নূরনবী, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক সাজেদুল হাসান, জেলা জামায়াতে ইসলামীর আমির মোবারক হোসেন, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব জহিরুল হক খোকন, সাবেক পৌর মেয়র আলহাজ্ব হাফিজুর রহমান মোল্লা (কচি)-সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন