ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: আল্লাহর হুকুম পালন ছাড়া পৃথিবীতে প্রকৃত শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয় এবং এই ঐশ্বরিক নির্দেশনা অনুসরণ করার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)। সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে আয়োজিত মাসব্যাপী ইসলামি বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ইসলামিক ফাউন্ডেশন (ইফা) এই বইমেলার আয়োজন করেছে।
ধর্মমন্ত্রী তার বক্তব্যে উল্লেখ করেন, ইসলামকে যথাযথভাবে পালন করতে হলে পবিত্র কোরআন ও হাদিস সম্পর্কে গভীর জ্ঞান অর্জন ও তা অনুধাবন করা জরুরি। ইসলামি বইমেলা এমন একটি মহতী উদ্যোগ, যেখানে কোরআন-হাদিসের ব্যাখ্যা ও ইসলামের বিভিন্ন বিষয়ের ওপর প্রামাণ্য গ্রন্থ সংগ্রহের সুযোগ রয়েছে। তিনি আরও বলেন, মানসম্মত ইসলামি বই পড়ার মাধ্যমেই মহান আল্লাহ ও তাঁর রাসুল (সা.)-এর প্রদর্শিত পথ সম্পর্কে সঠিক ও নির্ভুল জ্ঞান অর্জন করা সম্ভব। বইমেলার সার্বিক ব্যবস্থাপনার জন্য তিনি ইসলামিক ফাউন্ডেশনসহ সংশ্লিষ্ট পুস্তক প্রকাশক, ক্রেতা-বিক্রেতা ও স্টল প্রদানকারী প্রতিষ্ঠানসমূহকে আন্তরিক ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে মন্ত্রী হুশিয়ারি উচ্চারণ করে বলেন, অতীতে ইসলামিক ফাউন্ডেশনে কেউ যদি কোনো ধরনের অন্যায়, জুলুম বা আর্থিক অনিয়ম করে থাকে, তবে তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। ধর্মের পবিত্রতাকে পুঁজি করে কোনো ধরনের ব্যবসা বা অনৈতিক কার্যক্রম কোনোভাবেই বরদাশত করা হবে না বলেও তিনি সতর্ক করেন। এছাড়া একটি বৈষম্যমুক্ত ও গণতান্ত্রিক পরিবেশে নির্বাচিত সরকার গঠনের প্রেক্ষাপট তুলে ধরে তিনি বর্তমান প্রধানমন্ত্রীকে সব ধরনের ষড়যন্ত্র থেকে হেফাজতের জন্য দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন।
ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ. ছালাম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্ম সচিব মো. কামাল উদ্দিন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ইসলামিক ফাউন্ডেশন বোর্ড অব গভর্নরসের গভর্নর মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী ও মাওলানা শাহ নেসারুল হকসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, এবারের মাসব্যাপী বইমেলায় মোট ৬১টি স্টল অংশ নিয়েছে। মেলায় পবিত্র কোরআনের অনুবাদ, তাফসির ও হাদিস গ্রন্থসহ ইসলামের বিভিন্ন মৌলিক ও গবেষণাধর্মী গ্রন্থ স্থান পেয়েছে। প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলাটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ