ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রনেতার বাড়িতে সন্ত্রাসী হামলা

ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রনেতার বাড়িতে সন্ত্রাসী হামলা

সামজাদ জসি, সিনিয়র স্টাফ রিপোর্টার: ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুলতানপুরে গভীর রাতে এক সংঘবদ্ধ সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন জেলা জাতীয় ছাত্রশক্তির সদস্য সচিব মো. শিমুল চৌধুরী। 

সোমবার (২০ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে এই হামলার ঘটনা ঘটে। বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ২৫ থেকে ৩০ জনের একটি সশস্ত্র সন্ত্রাসী দল শিমুল চৌধুরীর বাসভবনের প্রধান ফটক ভেঙে ভেতরে প্রবেশ করে। হামলাকারীরা শিমুল চৌধুরী ও তাঁর মায়ের ওপর অতর্কিত আক্রমণ চালায়। দেশীয় ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে শিমুলকে মারাত্মকভাবে আহত করা হয়। এসময় বাধা দিতে গেলে তাঁর মাকেও শারীরিকভাবে লাঞ্ছিত করা হয় বলে অভিযোগ উঠেছে।

হামলাকারীরা ঘরের আসবাবপত্র ভাঙচুর করে এবং ঘর থেকে নগদ আনুমানিক ৩ লক্ষ টাকা লুট করে নিয়ে যায়। প্রত্যক্ষদর্শীদের মতে, হামলার সময় সন্ত্রাসীরা শিমুলের রাজনৈতিক কর্মকাণ্ড ও আন্দোলন নিয়ে কটূক্তি করে প্রকাশ্যে হুমকি দেয়। স্থানীয়রা এই ঘটনাকে রাজনৈতিক প্রতিহিংসা ও ভিন্নমত দমনের সুপরিকল্পিত চেষ্টা হিসেবে দেখছেন।

ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, শিমুলের শরীরে একাধিক গভীর ক্ষত রয়েছে। এই ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় সচেতন মহল ও ছাত্র নেতৃবৃন্দ দ্রুত হামলাকারীদের চিহ্নিত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে বলে জানা গেছে।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন