দৈনিক সকালবেলা প্রতিনিধির ওপর দুর্বৃত্তদের হামলা
স্টাফ রিপোর্টার: মাদক ব্যবসা ও এলাকার সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সোচ্চার হওয়ার জেরে ‘দৈনিক সকালবেলা’র বিশেষ প্রতিনিধি উমর ফারুকের ওপর বর্বর ও পরিকল্পিত হামলা চালিয়েছে চিহ্নিত দুর্বৃত্তরা।
গতকাল বুধবার (১ জুলাই) কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার ২ নম্বর ওয়ার্ড গোপদিঘী ইউনিয়নের ধলাইগাতী গ্রামে এই বর্বরোচিত হামলার ঘটনা ঘটে। হামলায় গুরুতর আহত সাংবাদিক উমর ফারুক বর্তমানে মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সাংবাদিক উমর ফারুক দীর্ঘদিন ধরে তাঁর ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে এলাকার মাদক কারবার ও বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে নিয়মিত লেখালেখি করে আসছিলেন। এতে ক্ষিপ্ত হয়ে গতকাল বুধবার ধলাইগাতী গ্রামে ২০ থেকে ৩০ জনের একটি চিহ্নিত সশস্ত্র দুর্বৃত্তের দল তাঁর ওপর অতর্কিত ও ভয়াবহ হামলা চালায়। দুর্বৃত্তরা তাঁকে দেশীয় অস্ত্র দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করে। পরে স্থানীয় লোকজন ছুটে এসে তাঁকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করেন।
ঘটনার খবর পেয়ে মিঠামইন থানা পুলিশের একটি দায়িত্বশীল টিম হাসপাতালে চিকিৎসাধীন সাংবাদিক উমর ফারুককে দেখতে যান এবং তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নেন। হাসপাতাল শয্যা থেকেই উমর ফারুক জানান, হামলাকারীরা সবাই এলাকার চিহ্নিত অপরাধী এবং তিনি এই ন্যাক্কারজনক ঘটনার বিরুদ্ধে থানায় একটি নিয়মিত মামলার প্রস্তুতি নিচ্ছেন।
এ বিষয়ে মিঠামইন থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার পরপরই পুলিশ অপরাধীদের শনাক্ত করতে কাজ শুরু করেছে। হামলাকারী ও চিহ্নিত মাদক কারবারিদের গ্রেপ্তার করতে পুলিশের বিশেষ অভিযান চলমান রয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অবস্থান ‘জিরো টলারেন্স’ এবং কোনো অপরাধীকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না বলে পুলিশের দায়িত্বশীল কর্মকর্তা নিশ্চিত করেছেন।
এআইএল/সকালবেলা
|