কটিয়াদীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ
মিজানুর রহমান, কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের খরিপ-২ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রোপা আমন ধানের বীজ, গ্রীষ্মকালীন সবজির বীজ, হাইব্রিড মরিচের বীজ, লেবুর চারা এবং রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এক উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে স্থানীয় কৃষকদের হাতে এসব কৃষি উপকরণ তুলে দেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা আফরোজ মারলিজের সভাপতিত্বে এবং উপজেলা কৃষি কর্মকর্তা শফিকুল ইসলাম ভূঁইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইফুল ইসলাম।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন, পৌর বিএনপির সভাপতি আশরাফুল হক দাদন, উপজেলা বিএনপির সহ-সভাপতি মিজানুর রহমান স্বপন, শেখ জসিম উদ্দিন মেনু ও শফিকুর রহমান বাদল, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক সাইফুল্লাহ জাইদুল, যুগ্ম সম্পাদক মাহফুজুর রহমান মিঠু, শফিকুল ইসলাম ফুলু ও সামসুল হক চান মিয়া, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক শাহজাহান সিরাজী, সাংগঠনিক সম্পাদক ফারুক পাটোয়ারী ও জাহাঙ্গীর আলম রতন, উপজেলা যুবদলের আহ্বায়ক মাহবুবুল আলম মাসুদ ও রফিকুল ইসলাম সেতু, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তশরিফুল হাসিবসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, বিভিন্ন ক্যাটাগরিতে উপজেলার হাজারো কৃষকের মাঝে এই প্রণোদনা দেওয়া হয়: রোপা আমন চাষি (১,৯০০ জন): জনপ্রতি ৫ কেজি রোপা আমন ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার। সবজি চাষি (১,৫০০ জন): জনপ্রতি সাত প্রকারের গ্রীষ্মকালীন সবজির বীজ (কলমি শাক, পুঁইশাক, বেগুন, শসা, মিষ্টিকুমড়া, লাউ ও চালকুমড়া) মোট ৩০০ গ্রাম, ১৫ কেজি ডিএপি সার এবং ১৫ কেজি এমওপি সার। মরিচ চাষি (১৪০ জন): জনপ্রতি ১০ গ্রাম হাইব্রিড মরিচের বীজ, ৫ কেজি ডিএপি সার, ৫ কেজি এমওপি সার এবং ৫০ মিলিলিটার ইমিটাফ বালাইনাশক। লেবু চাষি (২০ জন): জনপ্রতি পাঁচটি করে উন্নত জাতের লেবুর চারা ও ৩০ কেজি করে গোবর সার।
উপজেলা কৃষি বিভাগ জানায়, দেশের কৃষি উৎপাদন বৃদ্ধি, সামগ্রিক খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং কৃষকদের আধুনিক কৃষিকাজে আরও উৎসাহিত করার লক্ষ্যেই সরকারের এই বিশেষ কৃষি প্রণোদনা কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। করোনাকালীন ও বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতির মাঝে বিনামূল্যে মানসম্মত কৃষি উপকরণ হাতে পেয়ে উপকারভোগী কৃষকরা গভীর সন্তোষ প্রকাশ করেন এবং সরকারের এই উদ্যোগকে সময়োপযোগী ও কৃষিবান্ধব বলে অভিহিত করেন।
এআইএল/সকালবেলা
|