মহম্মদপুরে অবৈধ আইসক্রিম কারখানায় জরিমানা

প্রকাশ: মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ০৩:৫১ অপরাহ্ণ
মহম্মদপুরে অবৈধ আইসক্রিম কারখানায় জরিমানা

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি: মাগুরার মহম্মদপুরে বিএসটিআই (BSTI) অনুমোদন ছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে শিশুদের আইসক্রিম তৈরি ও প্যাকেটে ভুয়া ঠিকানা ব্যবহারের অপরাধে এক ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সজল আহমেদ।

স্থানীয় সূত্রে জানা যায়, মহম্মদপুর সদরের ‘মায়ের দোয়া এগ্রো ফুড’ নামের এক প্রতিষ্ঠানের আড়ালে দীর্ঘদিন ধরে অবৈধভাবে আইসক্রিম তৈরি করা হচ্ছিল। ‘বেস্ট কোয়ালিটি’ ব্র্যান্ডের এসব আইসক্রিমে ভুয়া ঠিকানা ব্যবহার করে শিশুদের জন্য মারাত্মক ক্ষতিকর খাদ্যসামগ্রী বাজারে সরবরাহ করা হতো। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কারখানার মালিক খায়রুল ইসলামকে বিএসটিআই ছাড়পত্র না থাকায় হাতেনাতে ধরা হয়।

অপরাধ প্রমাণিত হওয়ায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে বিপুল পরিমাণ অস্বাস্থ্যকর আইসক্রিম ধ্বংস করা হয়।

সহকারী পরিচালক মো. সজল আহমেদ জানান, জনস্বাস্থ্য রক্ষা ও ভোক্তা অধিকার নিশ্চিত করতে মাগুরা জেলাজুড়ে এ ধরনের কঠোর অভিযান অব্যাহত থাকবে।

এআইএল/সকালবেলা


মন্তব্য করুন