কুমিল্লায় মহিলা মাদরাসার প্রিন্সিপালের রহস্যজনক মৃত্যু, স্ত্রী ও শ্যালক আটক

কুমিল্লায় মহিলা মাদরাসার প্রিন্সিপালের রহস্যজনক মৃত্যু, স্ত্রী ও শ্যালক আটক

নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা: কুমিল্লা নগরীর হাউজিং এস্টেট এলাকায় একটি মহিলা মাদরাসার প্রিন্সিপাল হাফেজ মাওলানা সালমানের (৩৯) রহস্যজনক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে নিজ বাসা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্ত্রী জান্নাত ও শ্যালক মাহমুদুল্লাহকে আটক করেছে পুলিশ। নিহত সালমান লালমাই উপজেলার দাপাড় গ্রামের মাওলানা আব্দুর রহমানের বড় ছেলে এবং হাউজিং এস্টেটের ৪ নম্বর সেকশনে অবস্থিত জান্নাতুন নাঈম মহিলা মাদরাসার প্রিন্সিপাল ছিলেন।

পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে বাসায় সালমানকে অচেতন অবস্থায় পাওয়া যায়। চিকিৎসকের কাছে নেওয়ার আগেই তাঁর মৃত্যু হয়েছে বলে প্রচার করা হয়। এমনকি মৃত্যুর পর তড়িঘড়ি করে জানাজার প্রস্তুতিও চলছিল। তবে তাঁর মৃত্যুকে ঘিরে সন্দেহ দেখা দিলে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দাফন স্থগিত করে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠায়। নিহতের ছোট ভাই ইহসান অভিযোগ করেছেন, তাঁর ভাইয়ের মৃত্যু স্বাভাবিক নয়; এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। তিনি এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এই ঘটনায় কুমিল্লার আলেম সমাজের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। কুমিল্লার শীর্ষ আলেম মুফতি শামছুল ইসলাম জিলানী বলেন, মাওলানা সালমানের মতো একজন নম্র ও বিনয়ী আলেমের এমন মৃত্যু অত্যন্ত রহস্যজনক। এটি পরিকল্পিত হত্যা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করে তিনি হুঁশিয়ারি দেন যে, যদি বিচার নিয়ে কোনো টালবাহানা হয় তবে রাজপথে কঠোর কর্মসূচি দেওয়া হবে।

লালমাই থানার উপপরিদর্শক (এসআই) ফারুক জানান, মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। তবে প্রাথমিক তদন্তের স্বার্থে নিহতের স্ত্রী ও শ্যালককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন