ভাঙনে হুমকিতে উপকূল, জরুরি কাজের আশ্বাস মন্ত্রীর

প্রকাশ: রবিবার, ১৭ মে ২০২৬, ০৬:২৫ অপরাহ্ণ
ভাঙনে হুমকিতে উপকূল, জরুরি কাজের আশ্বাস মন্ত্রীর

মো. ইয়াছিন রুবেল, নোয়াখালী প্রতিনিধি: পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, বৃহত্তর নোয়াখালীর উপকূলীয় অঞ্চলের মানুষ প্রকৃতির সাথে যুদ্ধ করে এখানে বসবাস করে। নদীর পাড়ে এ অঞ্চলের মানুষ যারা থাকে, তারা সব সময় ভাঙন, প্লাবন ও বন্যার মতো পরিস্থিতিগুলোকে মোকাবেলা করে টিকে রয়েছে। 

রবিবার (১৭ মে) দুপুরে নোয়াখালীর হাতিয়া ও সুবর্ণচর এলাকায় মেঘনা নদীর ভয়াবহ ভাঙন পরিস্থিতি পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।

পরিদর্শনকালে পানিসম্পদ মন্ত্রী বলেন, “আজকে দেশে একটা নির্বাচিত সরকার রয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের দুর্দশা লাঘবে যখন যা কিছু করা দরকার, সব কিছুর দিকেই তিনি গভীর নজর রাখছেন। জনগণের প্রত্যেকটা দাবির প্রতি তিনি সর্বোচ্চ মর্যাদা দিচ্ছেন এবং প্রয়োজনীয় নির্দেশনা দিচ্ছেন। সেই দিক বিবেচনায় আমরা সব সময় মাঠে থেকে কাজ করে যাচ্ছি। আমাদের নির্বাচিত সরকারের তিন মাস অতিবাহিত হয়েছে। এর মধ্যে প্রতিটি জায়গায় আমরা জনগণের পাশে থেকে তাদের স্বার্থ রক্ষায় কাজ করে যাচ্ছি।”

মন্ত্রী আরও বলেন, “মেঘনা নদীর ভাঙন আজ আমি সরজমিনে প্রত্যক্ষ করলাম। নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে অনেক বাজার, স্কুল, কলেজ ও ফসলি জমি। এমনকি আমাদের চোখের সামনেই দেখতে পেলাম একটা স্কুল কীভাবে ভেঙে পড়েছে। এলাকার মানুষের এই চরম দুর্দশা ও প্রত্যাশা অনুযায়ী নদীভাঙন প্রতিরোধে আমরা ইতিমধ্যে জরুরি প্রকল্প ও টেকসই কাজ হাতে নিয়েছি। আমার বিশ্বাস, প্রশাসন ও স্থানীয় জনগণ সবাই একসাথে কাজ করলে উপকূলের মানুষ দ্রুত এর সুফল পাবে।”

পরিদর্শনকালে মন্ত্রীর সাথে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য (এমপি) মোহাম্মদ শাহজাহান, নোয়াখালীর জেলা প্রশাসক (ডিসি) মুহাম্মদ শফিকুল ইসলাম এবং জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলোসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ। ভাঙনকবলিত এলাকার সাধারণ মানুষ মন্ত্রীর এই তাৎক্ষণিক আশ্বাস ও পরিদর্শনে আশার আলো দেখছেন।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন