প্রতীকী ছবি
নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের বাকলিয়ায় শিশু ধর্ষণের ঘটনার রেশ কাটতে না কাটতেই নগরীর বিভিন্ন এলাকা থেকে আরও দুটি ধর্ষণ ও একটি ধর্ষণচেষ্টার অভিযোগ সামনে এসেছে। এসব ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে।
পুলিশ জানায়, খুলশী আবহাওয়া অফিস সংলগ্ন একটি মক্তবে দুই বোনকে (১০ ও ৬ বছর) আটকে রেখে নির্যাতনের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। শুক্রবার সকালে মক্তব ছুটি হওয়ার পরও দীর্ঘ সময় দুই শিশু বাসায় না ফেরায় পরিবারের সন্দেহ হয়। পরে এক কক্ষ থেকে দরজা বন্ধ অবস্থায় তাদের উদ্ধার করা হয়। খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, অভিযোগটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং বিস্তারিত জানার জন্য শিক্ষক ও দুই শিশুকে থানায় নেওয়া হয়েছে।
এর আগে শুক্রবার দুপুরে বায়েজিদ বোস্তামী থানার মোহাম্মদ নগর এলাকা থেকে ৫ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে মোহাম্মদ হাসান নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে ১০ টাকার প্রলোভন দেখিয়ে শিশুটিকে ঘরে নিয়ে নির্যাতন করা হয় বলে মামলা দায়ের করা হয়েছে।
একই দিন দুপুরে ডবলমুরিং থানার হাজীপাড়া এলাকায় ৭ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে স্থানীয়রা এক যুবককে গণপিটুনি দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে উত্তেজিত জনতা বিক্ষোভ শুরু করে এবং প্রায় দুই ঘণ্টা পুলিশ ও অভিযুক্ত অবরুদ্ধ অবস্থায় থাকে। পরবর্তীতে বিচারের আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার বাকলিয়ায় সাড়ে তিন বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনায় বিকেল ৫টা থেকে রাত ২টা পর্যন্ত স্থানীয়দের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ব্যবহার করে, যাতে দুই সাংবাদিকসহ অন্তত ৩০ জন আহত হন।