ভৈরবে জেলা পরিষদের অভিযানের পর দুই মাদকসেবী ভবঘুরে আটক

প্রকাশ: বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ণ
ভৈরবে জেলা পরিষদের অভিযানের পর দুই মাদকসেবী ভবঘুরে আটক
দুই মাদকসেবী ভবঘুরে আটক

কিশোরগঞ্জের ভৈরব স্বাস্থ্য উপকেন্দ্রের পরিত্যক্ত অংশে গড়ে ওঠা বখাটে ও মাদকসেবীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়ার দিনেই রাতে অভিযান চালিয়ে দুই মাদকসেবী ভবঘুরেকে আটক করেছে প্রশাসন।

এর আগে গত সোমবার (২ নভেম্বর ২০২৬) দুপুরে কিশোরগঞ্জ জেলা পরিষদের সম্পদ ব্যবস্থাপনা স্বচ্ছ করা এবং জনসেবামূলক কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে ভৈরবের বিভিন্ন বাণিজ্যিক মার্কেট ও চ্যারিটেবল ডিসপেনসারি পরিদর্শনে যান জেলা পরিষদের সম্মানিত প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল খান এবং জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোছাঃ মোস্তারী কাদেরী।

পরিদর্শনকালে ভৈরব স্বাস্থ্য উপকেন্দ্রের অব্যবহৃত অংশে দীর্ঘদিন ধরে চলে আসা বখাটে ও চিহ্নিত মাদকসেবীদের আস্তানাটি বুলডোজার ও নিজস্ব জনবল দিয়ে উচ্ছেদ করে গুঁড়িয়ে দেওয়া হয়। একই সঙ্গে মশাবাহিত রোগ প্রতিরোধে সেখানে ডেঙ্গুবিরোধী পরিচ্ছন্নতা ও বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

দিনভর জেলা পরিষদের এই উচ্ছেদ ও তদারকি অভিযানের পরপরই রাতে আইন প্রয়োগকারী সংস্থা কঠোর প্রশাসনিক অবস্থানে যায়। পরিচ্ছন্ন করা প্রাঙ্গণে পুনরায় অনুপ্রবেশের চেষ্টাকালে সেখান থেকে রাতেই দুই মাদকসেবী ভবঘুরেকে হাতেনাতে আটক করা হয়।

এই উচ্ছেদ ও সচেতনতামূলক অভিযান পরিচালনাকালে জেলা পরিষদের শীর্ষ কর্মকর্তাদের সাথে ভৈরব উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, জেলা পরিষদের স্থানীয় কর্মচারীবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। মাদক ও অসামাজিক কার্যকলাপে যুক্ত স্থানগুলোতে এ ধরনের কঠোর আইনি অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে প্রশাসন।