সিলেট সীমান্তে বিজিবির হাতে ভারতীয় বাহিনীর সদস্য আটক
বিশেষ প্রতিনিধি: সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছানাকান্দি সীমান্ত এলাকা থেকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এক সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে বিছানাকান্দি সীমান্ত এলাকার ১২৬৩ নম্বর পিলারের ৫এস সাব-পিলার সংলগ্ন স্থানে এই ঘটনা ঘটে।
ঘটনার পর থেকে পুরো সীমান্ত এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। তবে তাৎক্ষণিকভাবে আটককৃত ওই বিএসএফ সদস্যের নাম-পরিচয় ও পদবি জানা যায়নি।
স্থানীয় ও সীমান্ত সূত্রে জানা যায়, আজ দুপুরে এক বাংলাদেশি পর্যটক বিছানাকান্দি সীমান্ত এলাকায় ঘুরতে যান। এ সময় বিএসএফের ওই সদস্য অবৈধভাবে বাংলাদেশের সীমানার ভেতরে অনুপ্রবেশ করে ওই পর্যটককে মারধর শুরু করেন।
বিষয়টি জানতে পেরে বিজিবি সদস্যরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযুক্ত বিএসএফ সদস্যকে আটক করে নিজেদের হেফাজতে নেন। সীমান্তে অনধিকার প্রবেশ ও বাংলাদেশি নাগরিককে মারধরের এই ঘটনাকে কেন্দ্র করে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর (বিজিবি ও বিএসএফ) মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এই ঘটনার পর থেকে বিছানাকান্দি সীমান্ত এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সীমান্তে বিজিবির টহল ও নজরদারি আরও জোরদার করা হয়েছে।
গোয়াইনঘাট থানার পরিদর্শক (তদন্ত) সুজন কুমার কর্মকার বিএসএফ সদস্যকে আটকের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
এআইএল/সকালবেলা