বাকশালের একটি অংশই ১৫ আগস্ট হত্যাকাণ্ড ঘটিয়েছে: রুহুল কবির রিজভী
নিজস্ব প্রতিবেদক: বাকশালের একটি অংশই ১৯৭৫ সালের ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানসহ অন্যদের হত্যা করেছিল বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
আজ মঙ্গলবার (১৭ নভেম্বর ২০২৬) দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) অডিটোরিয়ামে জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত ঐতিহাসিক ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
আলোচনা সভায় রুহুল কবির রিজভী বলেন, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত অরক্ষিত স্বাধীনতা ১৯৭৫ সালের ৭ নভেম্বরের জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের মাধ্যমেই প্রকৃত অর্থে সুরক্ষিত হয়েছিল। তিনি অতীতের রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে বলেন, বাকশাল প্রতিষ্ঠার মধ্য দিয়ে তৎকালীন শাসকগোষ্ঠী ভিন্নমত দমনের পাশাপাশি মানুষের মৌলিক অধিকার ও বাক্স্বাধীনতা কেড়ে নিয়ে দেশে একদলীয় একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করেছিল। পরবর্তীতে ৭ নভেম্বর সিপাহি-জনতার ঐতিহাসিক বিপ্লবের মাধ্যমে দেশে বহুদলীয় গণতন্ত্র এবং মানুষের বাক্স্বাধীনতা পুনরায় ফিরে আসে।
রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রদলের সভাপতি আমির মীমের সভাপতিত্বে এবং সংগঠনটির সাধারণ সম্পাদক রিমন আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত এই আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহসভাপতি তৌহিদুর রহমান আউয়াল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন-অর-রশীদ, কেন্দ্রীয় ড্যাবের উপদেষ্টা ডা. ওয়াসিম হোসেন, রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার ডা. মোফাখখারুল ইসলাম এবং রাজশাহী মেডিকেল কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ডা. মনোয়ার তারিক সাবু। এ সময় মহানগর বিএনপি, ড্যাব ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।