অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন: বেকারিকে জরিমানা
ওয়াফিক শিপলু, বগুড়া প্রতিনিধি: বগুড়া শহরের আটাপাড়া এলাকায় অবস্থিত 'বেলাল ফুডস' নামের একটি বেকারি কারখানায় অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি ও মেয়াতিরিক্ত পণ্য পুনঃব্যবহারের অভিযোগে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
আজ বুধবার (২২ জুলাই ২০২৬) দুপুর ১২টা থেকে ঘণ্টাব্যাপী এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমাদ।
অভিযান সূত্রে জানা যায়, কারখানাটিতে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন করা হচ্ছিল। একই সঙ্গে বাজার থেকে ফেরত আসা মেয়াদোত্তীর্ণ বিস্কুট ও পাউরুটি ব্লেন্ডার দিয়ে গুঁড়ো করে পুনরায় নতুন পণ্য তৈরিতে ব্যবহার করা হচ্ছিল। এ ছাড়া প্রতিষ্ঠানটি প্রয়োজনীয় নিবন্ধণ এবং বিএসটিআইয়ের মানসনদ গ্রহণ ছাড়াই খাদ্যসামগ্রী বাজারজাত করে আসছিল। কারখানার কর্মীদের মধ্যেও ন্যূনতম স্বাস্থ্যবিধি ও পরিচ্ছন্নতার কোনো ছাপ পাওয়া যায়নি।
অপরাধ স্বীকার করায় ভ্রাম্যমাণ আদালত 'নিরাপদ খাদ্য আইন, ২০১৩'-এর ৩৯ ধারা অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা আরোপ ও তাৎক্ষণিকভাবে তা আদায় করেন।
অভিযানকালে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রাসেলসহ সংশ্লিষ্ট কর্মকর্তা এবং নিরাপত্তার দায়িত্বে থাকা জেলা পুলিশের একটি দল উপস্থিত ছিল।
অভিযান শেষে কারখানা কর্তৃপক্ষকে ভবিষ্যতে সরকারি বিধিমালা ও স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে নিরাপদ খাদ্য উৎপাদনের জন্য নির্দেশ দেওয়া হয়।
এআইএল/সকালবেলা
|