ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
সামজাদ জসি, স্টাফ রিপোর্টার: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় কোমল পানীয়র সঙ্গে রাসায়নিক দ্রব্য (এসিড) মিশিয়ে পান করিয়ে রহমত উল্লাহ (১৫) নামের এক কিশোরকে হত্যার অভিযোগ উঠেছে। এই মর্মান্তিক ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে এবং এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে।
নিহত রহমত উল্লাহ উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের মেরকুটা গ্রামের সিদ্দিক মিয়ার ছেলে।
অভিযোগ উঠেছে, গত কয়েকদিন আগে একই গ্রামের খায়ের মিয়ার ছেলে হাসান মিয়া রহমতকে একটি কোমল পানীয়র বোতলে রাসায়নিক এসিড মিশিয়ে পান করান। পান করার পরপরই রহমত গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত ব্রাহ্মণবাড়িয়া এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়।
দীর্ঘ চিকিৎসা শেষে রহমতকে বাড়িতে ফিরিয়ে আনার পর গতকাল দিবাগত রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে তার মৃত্যু হয়। পরিবারের দাবি, ওই বিষাক্ত রাসায়নিকের প্রভাবে রহমতের শারীরিক অবস্থার অবনতি হয়ে তার মৃত্যু হয়েছে।
এই ঘটনায় নিহতের মামা হানিফ মিয়া বাদী হয়ে হাসান মিয়াসহ ৩ জনকে আসামি করে নবীনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ এরই মধ্যে মামলার এক আসামিকে আটক করেছে। নবীনগর থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
ঘটনাটি জানাজানি হওয়ার পর স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযুক্ত হাসান মিয়াসহ জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে উত্তাল হয়ে উঠেছে এলাকা। পুলিশ জানিয়েছে, ঘটনার নেপথ্যে থাকা প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।
এ.আই.এল/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ