ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠন করলে ঠাকুরগাঁওয়ে বিমানবন্দর চালুসহ বিভিন্ন উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে ঠাকুরগাঁওয়ে আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি এসব প্রতিশ্রুতি দেন।
তারেক রহমান বলেন, রাজনৈতিক অধিকারের পাশাপাশি মানুষ অর্থনৈতিক অধিকার থেকেও বঞ্চিত হয়েছে। বিগত স্বৈরাচারী শাসন নারী ও যুবকদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে ব্যর্থ হয়েছে। দীর্ঘ এক যুগ ধরে দেশের মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। আগামী ১২ ফেব্রুয়ারি জনগণ সেই অধিকার প্রয়োগ করবে। এবারের নির্বাচন শুধু জনপ্রতিনিধি বাছাই নয়, দেশ পুনর্গঠনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিএনপি ক্ষমতায় গেলে সরকার পরিচালনার পাশাপাশি দেশ পুনর্গঠনের কাজেও হাত দেওয়া হবে।
তিনি ‘ফ্যামিলি কার্ড’ ও ‘কৃষি কার্ড’ চালুর কথা জানিয়ে বলেন, এসব কার্ডের মাধ্যমে কৃষকরা সহজে ঋণ নিতে পারবেন, সার ও কীটনাশক পাবেন। ধানের শীষের প্রার্থী বিজয়ী হলে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করা হবে। পাশাপাশি রেজিস্টার্ড এনজিও থেকে নেওয়া কৃষিঋণ সরকার পরিশোধ করবে।
উত্তরাঞ্চলকে কৃষিভিত্তিক শিল্পের কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, কৃষিপ্রধান এলাকায় কলকারখানা স্থাপন করা হবে, যাতে কর্মসংস্থান সৃষ্টি হয়। পঞ্চগড় ও ঠাকুরগাঁওয়ে চা কারখানা ও শিল্পকারখানা চালুর উদ্যোগ নেওয়া হবে। যুবকদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তিতে রূপান্তরের পরিকল্পনাও রয়েছে। ঠাকুরগাঁওয়ে ক্যাডেট কলেজ প্রতিষ্ঠার দাবিও বাস্তবায়নের চেষ্টা করা হবে। পাশাপাশি হিমাগার নির্মাণ, যুবকদের জন্য আইটি পার্ক, মেডিক্যাল কলেজ এবং একটি পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রতিশ্রুতি দেন তিনি।
তারেক রহমান বলেন, গত এক যুগে শাসকগোষ্ঠী নিজেদের স্বার্থকে প্রাধান্য দিয়েছে, ফলে মানুষ চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হয়েছে। বিএনপি ক্ষমতায় গেলে স্বাস্থ্যসেবার জন্য হেলথ কেয়ারার নিয়োগ দেওয়া হবে। আন্দোলন-সংগ্রামের পর এখন জনগণকে সঙ্গে নিয়ে দেশ পুনর্গঠনের সময় এসেছে। খাদ্যে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ গড়তে জনগণের সহযোগিতা প্রয়োজন।
তিনি আরও বলেন, এক দল আরেক দলের সমালোচনা করতেই পারে, কিন্তু শুধু সমালোচনায় জনগণের লাভ হয় না। জনগণ জানতে চায়—তাদের জন্য কী করা হবে। বিএনপি জনগণের জন্য পরিকল্পনার কথা বলছে এবং জনগণকেই সব ক্ষমতার উৎস মনে করে। যে বাংলাদেশে মা-বোনেরা নিরাপদে চলাচল করতে পারবে, তরুণরা বেকার থাকবে না, সবাই চিকিৎসাসেবা পাবে—এমন বাংলাদেশ গড়াই লক্ষ্য। ধর্মের ভিত্তিতে কোনো বৈষম্য করা হবে না; যোগ্যতার ভিত্তিতেই সবাইকে মূল্যায়ন করা হবে। ধানের শীষের প্রার্থী বিজয়ী হলে জনগণের প্রতি দায়বদ্ধতা নিয়েই কাজ করতে হবে বলেও মন্তব্য করেন বিএনপির চেয়ারম্যান।
আই.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ