জাতীয় বিপ্লব ও সংহতি দিবস: নয়াপল্টনে জড়ো হচ্ছেন হাজারো নেতাকর্মী
ঐতিহাসিক ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপনের অংশ হিসেবে রাজধানী ঢাকায় আজ শনিবার বিকেলে বিএনপির উদ্যোগে এক বর্ণাঢ্য ও বিশাল র্যালি অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানী ঢাকার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নেতাকর্মীদের ঢল নেমেছে।
শনিবার সকাল থেকেই ঢাকা মহানগরীর বিভিন্ন থানা ও ওয়ার্ডের পাশাপাশি আশপাশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা নয়াপল্টনে এসে জড়ো হতে শুরু করেন। নেতাকর্মীদের হাতে রয়েছে জাতীয় ও দলীয় পতাকা, নানা রঙের ব্যানার, ফেস্টুন এবং শীর্ষ নেতাদের ছবি সংবলিত প্ল্যাকার্ড। নানা রঙের টি-শার্ট ও টুপি পরিহিত নেতাকর্মীদের স্লোগানে পুরো নয়াপল্টন ও এর আশপাশের এলাকা মুখর হয়ে উঠেছে।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আজ বিকেল ৩টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর নেতৃত্বেই মূল র্যালিটি শুরু হবে।
নয়াপল্টন থেকে শুরু হওয়া এই বর্ণাঢ্য শোভাযাত্রাটি কাকরাইল মোড়, প্রধান বিচারপতির বাসভবনের সামনে দিয়ে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়, বাংলামটর ও ফার্মগেট হয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে গিয়ে আনুষ্ঠানিকভাবে শেষ হওয়ার কথা রয়েছে। র্যালিতে বিএনপির জ্যেষ্ঠ নেতৃবৃন্দসহ দলটির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।
এদিকে র্যালিটি সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে দলটির পক্ষ থেকে বিশেষ প্রস্তুতি নেওয়া হয়েছে। সড়কে ট্রাফিক শৃঙ্খলা রক্ষা ও সার্বিক ব্যবস্থাপনায় দলটির নিজস্ব স্বেচ্ছাসেবকরা অত্যন্ত গুরুত্বের সাথে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে এবং যান চলাচল স্বাভাবিক রাখতে নয়াপল্টন ও সংলগ্ন সড়কগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কঠোর সতর্ক অবস্থান লক্ষ্য করা গেছে।
উল্লেখ্য, ঢাকার এই কেন্দ্রীয় কর্মসূচির পাশাপাশি আজ দেশের প্রায় প্রতিটি জেলা ও মহানগরে বিএনপি এবং এর অঙ্গসংগঠনগুলোর উদ্যোগে পৃথক র্যালি ও কর্মসূচি পালিত হচ্ছে। এছাড়া আগামীকাল রবিবার (৮ নভেম্বর) দেশের সব থানা ও উপজেলা পর্যায়েও একই ধরনের র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।