ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মোঃ সোহেল রানা, বরগুনা: দেশের উপকূলীয় জনপদ বরগুনার বেতাগী উপজেলায় বিষখালী নদীর মোহনায় জেগে উঠেছে এক অনন্য নৈসর্গিক ভূমি—‘ঝোপখালী পাখির চর’। ছোট-বড় বিভিন্ন প্রজাতির প্রাণী, উদ্ভিদ এবং পাখির কলতানে মুখরিত এই চরটি বর্তমানে এ অঞ্চলের এক বিশাল প্রাকৃতিক অভয়াশ্রমে পরিণত হয়েছে।
বিষখালী নদীর বুক চিরে জেগে ওঠা এই দ্বীপচরে গড়ে উঠেছে সমৃদ্ধ জীববৈচিত্র্য। চরের বুক চিরে এঁকেবেঁকে বয়ে গেছে ৫-৭টি ছোট নালা, যেখানে পাওয়া যায় নানা প্রজাতির সুস্বাদু দেশি মাছ। জোয়ারের সময় যখন চরটি পানিতে প্রায় পূর্ণ হয়ে যায়, তখন নৌকায় চড়ে বনাঞ্চলের সবুজের সমারোহ এবং পাখিদের ওড়াউড়ি পর্যটকদের মুগ্ধ করার মতো এক পরিবেশ তৈরি করে।
বিষখালী নদীর অব্যাহত ভাঙনে যখন দক্ষিণের উপকূলীয় জনপদ ক্রমান্বয়ে বিলীন হচ্ছে, তখন এই নতুন চরের উত্থান স্থানীয়দের মনে আশার আলো জাগিয়েছে। স্থানীয় অধিবাসীদের ধারণা, আগামী এক দশকে এখানে আরও বিশাল ভূমি জেগে উঠবে, যা এই অঞ্চলের মানচিত্র বদলে দিতে পারে।
প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই ‘ঝোপখালী পাখির চর’ পরিকল্পিতভাবে রক্ষণাবেক্ষণ করা হলে এটি দক্ষিণাঞ্চলের অন্যতম আকর্ষণীয় পর্যটন কেন্দ্রে পরিণত হতে পারে। স্থানীয়রা মনে করছেন, সরকারি পৃষ্ঠপোষকতা ও প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তুললে এই চরকে কেন্দ্র করে বরগুনার অর্থনীতি ও পর্যটন শিল্পে নতুন দিগন্ত উন্মোচিত হবে।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ