‘তালা-কলারোয়াকে সন্ত্রাসমুক্ত গড়ার শপথ’ অধ্যক্ষ ইজ্জত উল্লাহর

‘তালা-কলারোয়াকে সন্ত্রাসমুক্ত গড়ার শপথ’ অধ্যক্ষ ইজ্জত উল্লাহর

নাজমুল হোসাইন মাহী, সাতক্ষীরা প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার শেষ দিনে সাতক্ষীরার পাটকেলঘাটায় বড় ধরণের শক্তিমত্তা প্রদর্শন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে পাটকেলঘাটা ঐতিহাসিক ফুটবল মাঠে আয়োজিত এক বিশাল নির্বাচনী সমাবেশে হাজার হাজার মানুষের ঢল নামে।

জনসভায় প্রধান অতিথির বক্তব্যে সাতক্ষীরা-১ আসনে জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ ইজ্জত উল্লাহ তাঁর ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে বলেন, “জনগণের ভোটে নির্বাচিত হলে তালা ও কলারোয়াকে চাঁদাবাজি, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত এলাকা হিসেবে গড়ে তোলা হবে। মায়ের কোলে শিশু যেমন নিরাপদ থাকে, তেমনি আমার এলাকায় হিন্দু ও খ্রিস্টানসহ সকল সংখ্যালঘু সম্প্রদায় নিরাপদে বসবাস করবেন।” তিনি আরও ঘোষণা দেন, নির্বাচিত হলে পাটকেলঘাটাককে পূর্ণাঙ্গ উপজেলা এবং তালা উপজেলাকে পৌরসভায় রূপান্তর করার উদ্যোগ নেওয়া হবে।

বেকারত্ব দূরীকরণ প্রসঙ্গে তিনি বলেন, স্থানীয় যুবসমাজকে দক্ষ জনশক্তিতে পরিণত করতে বিশেষ প্রশিক্ষণ ও আত্মকর্মসংস্থানমূলক প্রকল্প গ্রহণ করা হবে। এছাড়া এলাকার জরাজীর্ণ সড়কগুলোর আধুনিকায়ন ও টেকসই উন্নয়নের মাধ্যমে সাধারণ মানুষের নিরাপদ চলাচল নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন তিনি।

এই সমাবেশের অন্যতম উল্লেখযোগ্য দিক ছিল নারী ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। কয়েক হাজার নারী সমাবেশে উপস্থিত হয়ে জনসভাকে আরও প্রাণবন্ত করে তোলেন, যা এলাকায় রাজনৈতিক সচেতনতার ইতিবাচক প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে।

উপজেলা জামায়াতের আমীর মাওলানা মফিদুল্লাহর সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন—সাতক্ষীরা জেলা নায়েবে আমীর মাহমুদুল হক, সহকারী সেক্রেটারি গাজী সুজায়েত আলী এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (জকসু) সাবেক এজিএস মাসুদ রানা। সভায় বক্তারা আগামী ১২ ফেব্রুয়ারি ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে ভোট দিয়ে দেশে ইনসাফ ও সুশাসন কায়েমে সহযোগিতার আহ্বান জানান।

মন্তব্য করুন