দক্ষিণ কোরিয়া গেলেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ
আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনে অংশ নিতে দক্ষিণ কোরিয়ার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। রোববার (১০ মে) রাতে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হন।
দক্ষিণ কোরিয়ার গুয়াংজু শহরে অনুষ্ঠিতব্য ‘বিশ্ব মানবাধিকার শহর ফোরাম ২০২৬’ সম্মেলনে যোগ দেবেন আসিফ মাহমুদ। বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ তাঁর ঢাকা ত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন। সফরকালে তিনি আন্তর্জাতিক মানবাধিকার, নাগরিক অধিকার এবং গণতান্ত্রিক অংশগ্রহণ বিষয়ক বিভিন্ন সেশনে বক্তব্য রাখবেন ও আলোচনায় অংশ নেবেন।
মানবাধিকার সম্মেলনে অংশগ্রহণের পাশাপাশি আসিফ মাহমুদ দক্ষিণ কোরিয়ায় বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেবেন। সেখানে প্রবাসীদের সমস্যা, সম্ভাবনা ও দেশ গঠনে তাঁদের ভূমিকা নিয়ে আলোচনা করবেন তিনি। এছাড়া এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্সের দক্ষিণ কোরিয়া চ্যাপ্টারের একাধিক সাংগঠনিক ও প্রতিনিধি বৈঠকেও তাঁর অংশ নেওয়ার কথা রয়েছে।
আসিফ মাহমুদের এই সফরকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে রাতভর নানা গুজব ছড়িয়ে পড়েছিল। তাঁকে ‘গ্রেপ্তার করা হয়েছে’ বা তিনি ‘দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছেন’—এমন বিভ্রান্তিকর তথ্যের বিপরীতে তাঁর এই বিদেশ সফরের খবরটি সামনে এল।
সফর শেষে আগামী ১৯ মে রাতে তাঁর দেশে ফেরার কথা রয়েছে।
জান্নাত/সকালবেলা