বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশবাসীকে তারেক রহমানের শুভেচ্ছা

প্রকাশ: সোমবার, ৩১ আগস্ট ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ণ
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশবাসীকে তারেক রহমানের শুভেচ্ছা

সকালবেলা অনলাইন: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের সর্বস্তরের নেতাকর্মী, শুভানুধ্যায়ী এবং দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। 

সোমবার (৩১ আগস্ট) সন্ধ্যায় তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে এক বার্তার মাধ্যমে তিনি এ শুভেচ্ছা জানান।

শুভেচ্ছা বার্তায় তারেক রহমান বলেন, ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন। বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং মানুষের বাক-ব্যক্তিস্বাধীনতা ফিরিয়ে দেওয়ার ক্ষেত্রে বিএনপির ভূমিকা ঐতিহাসিক।

প্রতিষ্ঠাবার্ষিকীর এই বিশেষ দিনে তিনি স্বাধীন বাংলাদেশ ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দলটিকে দেশের প্রতিটি ঘরে পৌঁছে দেওয়া সাবেক প্রধানমন্ত্রী মরহুম বেগম খালেদা জিয়ার অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। এছাড়া দেশে গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠার আন্দোলনে যারা প্রাণ হারিয়েছেন এবং ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাঁদের প্রতিও গভীর শ্রদ্ধা জানান তিনি।

বিএনপির সাফল্য ও জনকল্যাণমূলক রাষ্ট্র গঠনের অঙ্গীকার ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেন, জনগণই বিএনপির সকল ক্ষমতার উৎস। দীর্ঘ দেড় দশকের শাসন-শোষণের অবসান ঘটিয়ে দেশের জনগণ আবারও অবাধ নির্বাচনের মাধ্যমে বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে। একটি স্বনির্ভর, গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক বাংলাদেশ গড়ে তুলে জনগণের ভালোবাসার সঠিক প্রতিদান দিতে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন