কক্সবাজারে আওয়ামীপন্থি আইনজীবীদের ‘জয় বাংলা’ স্লোগান, ছাত্রদলের প্রতিরোধ

প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০২:৪১ অপরাহ্ণ
কক্সবাজারে আওয়ামীপন্থি আইনজীবীদের ‘জয় বাংলা’ স্লোগান,  ছাত্রদলের প্রতিরোধ

ইমতিয়াজ মাহমুদ ইমন (কক্সবাজার): কক্সবাজার আদালত প্রাঙ্গণে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়াকে কেন্দ্র করে আওয়ামীপন্থি আইনজীবীদের ওপর হামলা ও মারধরের অভিযোগ উঠেছে ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে। একই দিনে পেশাগত দায়িত্ব পালনকালে আদালত প্রাঙ্গণে এক সাংবাদিকের ওপরও হামলার ঘটনা ঘটেছে। পৃথক এসব ঘটনায় আদালত চত্বরে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়।

জানা গেছে, মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল বশরকে একটি মামলায় আদালতে হাজির করা হয়। এ সময় আদালত চত্বরে কয়েকজন আইনজীবী ‘জয় বাংলা’ স্লোগান দিলে ঘটনার সূত্রপাত ঘটে। অভিযোগ রয়েছে, ঈদগাঁও উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও আইনজীবী তানভীর মোহাম্মদ তামিমসহ কয়েকজন আইনজীবীকে বেধড়ক মারধর ও নাজেহাল করেন ছাত্রদলের নেতাকর্মীরা।

এদিকে, একই দিন পৃথক আরেকটি ঘটনায় কক্সবাজার আদালত প্রাঙ্গণে সাংবাদিক এরফান হোসাইনের ওপর হামলার অভিযোগ উঠেছে শহর ছাত্রদল নেতা রহিমুল্লাহ খান রানার বিরুদ্ধে। ভুক্তভোগী সাংবাদিক এরফান জানান, টেকনাফের এক আওয়ামী লীগ নেতাকে আদালতে হাজির করার খবর পেয়ে তিনি পেশাগত কাজে সেখানে গেলে ছাত্রদল নেতা রানার নেতৃত্বে তাঁর ওপর চড়াও হয়ে হামলা চালানো হয়। সংবাদ প্রকাশের জেরে তাঁকে হুমকি দেওয়ার পর এই হামলা চালানো হয়েছে বলে দাবি করেন তিনি। তবে হামলার পর জেলা ছাত্রদলের সভাপতি ফাহিমুর রহমানসহ অন্যান্যরা তাঁকে রক্ষা করেন বলে জানান এই সাংবাদিক।

অভিযোগের বিষয়ে জেলা ছাত্রদলের সভাপতি ফাহিমুর রহমান বলেন, ‘ফ্যাসিস্ট দলের লোকজন আদালতে জড়ো হয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করছে—এমন খবর পেয়ে ছাত্রদলের কিছু নেতাকর্মী সেখানে যান। তবে আইনজীবীদের ওপর কোনো হামলার ঘটনা ঘটেছে কি না, তা আমার জানা নেই। জেলা আইনজীবী সমিতি এ বিষয়ে যেহেতু বিবৃতি দিয়েছে, তাই ঘটনাটি আমরা খতিয়ে দেখব।’ অন্যদিকে, অভিযুক্ত ছাত্রদল নেতা রহিমুল্লাহ খান রানা তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন।

এদিকে আইনজীবীদের ওপর হামলা ও নাজেহালের এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে কক্সবাজার জেলা আইনজীবী সমিতি। সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আকতার উদ্দিন হেলালী স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, কক্সবাজার জেলা আইনজীবী সমিতি দেশের অন্যতম বৃহৎ পেশাজীবী সংগঠন। এখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সমর্থক থাকলেও সবার একমাত্র পরিচয় তাঁরা আইনজীবী। সমিতিতে অতীতেও কোনো রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হয়নি এবং ভবিষ্যতেও হবে না। হলরুম থেকে আইনজীবীদের তুলে নিয়ে নাজেহালের ঘটনায় আতঙ্ক প্রকাশ করে এ ধরনের ন্যক্কারজনক ঘটনার নিন্দা জানানো হয়।

উল্লেখ্য, টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল বশর বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বহু মানুষকে মিথ্যা মামলায় হয়রানি করেছেন বলে অভিযোগ রয়েছে। সম্প্রতি একটি বাসা দখলের চেষ্টার ঘটনায় দায়েরকৃত মামলায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল।

এআইএল/সকালবেলা