কারিনার জানাজায় অংশ নেবেন নাহিদ ইসলাম

প্রকাশ: রবিবার, ১৭ মে ২০২৬, ০৫:৫২ অপরাহ্ণ
কারিনার জানাজায় অংশ নেবেন নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক: সদ্য প্রয়াত কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারের জানাজায় অংশ নিতে কেন্দ্রীয় শহীদ মিনারে যাবেন এনসিপির আহ্বায়ক ও সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। আজ রোববার (১৭ মে) রাত ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনারে এই জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মিডিয়া সেক্রেটারি ইয়াসির আরাফাত এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, জানাজায় নাহিদ ইসলামের সঙ্গে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীসহ দলের শীর্ষ নেতৃবৃন্দের অনেকেই অংশ নেবেন।

এর আগে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী তাঁর ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে কারিনা কায়সারের তিনটি জানাজার সময়সূচি উল্লেখ করে সবাইকে অংশ নেওয়ার আহ্বান জানান। তিনি লেখেন, প্রথম জানাজা বাদ মাগরিব বনানী ডিওএইচএস মাঠে, দ্বিতীয় জানাজা বাদ এশা বনানী দরবার শরিফে এবং তৃতীয় জানাজা রাত ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হবে। জুলাইয়ের সকল সহযোদ্ধা ও ফ্যাসিবাদবিরোধী সব রাজনৈতিক শক্তি ঐক্যবদ্ধভাবে কারিনাকে শেষ বিদায় জানাবে।

উল্লেখ্য, লিভার জটিলতায় আক্রান্ত হয়ে ভারতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান কারিনা কায়সার। আজ তাঁর মরদেহ দেশে আনা হচ্ছে। ঢাকা ও শহীদ মিনারে তিন দফা জানাজা শেষে আগামীকাল সোমবার মুন্সিগঞ্জে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।

মন্তব্য করুন