ফেনীতে কলেজ ছাত্রদল নেতাকে ছুরিকাঘাত

প্রকাশ: মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০২:৪৩ অপরাহ্ণ
ফেনীতে কলেজ ছাত্রদল নেতাকে ছুরিকাঘাত

ফেনী প্রতিনিধি: ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের বগৈড় বল্লাপুকুর এলাকায় গত রবিবার রাতে একদল সন্ত্রাসীর বর্বরোচিত ছুরিকাঘাতে মহিপাল সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ দুইজন গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নেওয়া হলে আশঙ্কাজনক অবস্থায় তাঁদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। এই ন্যাক্কারজনক ঘটনার পর থেকে এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে।

আহত ছাত্রদল নেতার নাম মো. আবতাহি হোসাইন তাহি (২০)। তিনি ফেনী শহরের রামপুর এলাকার নাসির উদ্দীনের ছেলে এবং মহিপাল সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক। এ ঘটনায় মো. জাবেদ (২৩) নামের আরও এক স্থানীয় যুবক আহত হয়েছেন। তিনি পাঁচগাছিয়া ইউনিয়নের বিরলী এলাকার বাসিন্দা।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গত রবিবার রাতে বগৈড় এলাকায় স্থানীয় চিহ্নিত মাদক ও অবৈধ মাটি ব্যবসায়ী খুরশিদ ও মারুফসহ কয়েকজন সশস্ত্র সন্ত্রাসী ধারালো অস্ত্র নিয়ে হঠাৎ আবতাহি ও জাবেদের ওপর অতর্কিত হামলা চালায়। সন্ত্রাসীরা তাঁদের লক্ষ্য করে এলোপাতাড়ি ছুরিকাঘাত করলে তাঁরা রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। তাঁদের চিৎকারে আশপাশের এলাকাবাসী ছুটে এলে খুনিরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে ফেনী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক আবতাহির শরীরের বিভিন্ন স্থানে গভীর ক্ষতের কারণে অবস্থা আশঙ্কাজনক দেখে প্রাথমিক চিকিৎসা দিয়ে জরুরি ভিত্তিতে চমেক হাসপাতালে স্থানান্তর করেন। অপর আহত যুবক জাবেদ প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন।

এদিকে হামলার খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ এলাকাবাসী রাতেই ধাওয়া করে ঘটনার মূল হোতা খুরশিদকে ধারালো অস্ত্রসহ আটক করে পুলিশে সোপর্দ করে।

এই ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মহিপাল সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি গাজী সালাউদ্দিন আমান বলেন, “পাঁচগাছিয়া এলাকায় চিহ্নিত মাদক ও সন্ত্রাসী বাহিনীর বর্বরোচিত হামলার শিকার হয়েছেন আমাদের কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক আবতাহি হোসাইন তাহি। আমরা এই ন্যক্কারজনক ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িত সকল আসামিকে দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানাচ্ছি।” একই দাবি জানিয়েছেন ফেনী জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম দুলাল। তবে ঠিক কী কারণে এই হামলার ঘটনা ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এ বিষয়ে ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “ঘটনার খবর পেয়ে থানা পুলিশ ও ডিবি পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। গণপিটুনির শিকার ও এলাকাবাসী কর্তৃক ধৃত এক অভিযুক্তকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। আহত ছাত্রদল নেতা বর্তমানে চমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হামলার পেছনের মূল কারণ উদঘাটনে বিষয়টি অত্যন্ত গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় থানায় একটি কঠোর মামলা দায়েরের প্রস্তুতি চলছে।”

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন