দারিদ্র্য বিমোচন ও কর্মসংস্থানকে প্রাধান্য দিয়ে বাজেট করতে হবে: চরমোনাই পীর
অনলাইন ডেস্ক: দেশের বহুমাত্রিক অর্থনৈতিক সংকট ও জটিল বাস্তবতার কথা উল্লেখ করে আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে দারিদ্র্য দূরীকরণ, নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং সাধারণ মানুষের জীবনমান সহজিকরণকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়ার দাবি জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই)।
গতকাল সোমবার (১৮ মে) সকালে পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত মাসিক কেন্দ্রীয় বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এই দাবি জানান। পীর সাহেব চরমোনাই বলেন, বিগত দেড় দশকের ফ্যাসিবাদী শাসন এবং পরবর্তী অন্তর্বর্তীকালীন বিশেষ পরিস্থিতির পর এবার একটি নির্বাচিত সরকারের অধীনে বাজেট প্রণয়ন হতে যাচ্ছে। তবে বর্তমানে দেশের অর্থনীতির কাঠামো প্রায় ধ্বংসের মুখে, সাধারণ মানুষের আয় কমেছে এবং মানুষ সঞ্চয় ভেঙে সংসার চালাচ্ছে। একই সাথে দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি ও বিনিয়োগ স্থবিরতায় নতুন কর্মসংস্থানের কোনো আশা দেখা যাচ্ছে না।
এই সংকটময় পরিস্থিতি থেকে উত্তরণে তিনি প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলেন, যেকোনো মূল্যে নতুন বাজেটে দরিদ্রবান্ধব নীতি গ্রহণ করতে হবে। রাষ্ট্রের সক্ষমতা বাড়াতে একদিকে যেমন রাজস্ব আয় বৃদ্ধির কার্যকর কৌশল নিতে হবে, অন্যদিকে সরকারের অহেতুক ব্যয় সংকোচন এবং দেশি-বিদেশি বিনিয়োগ বৃদ্ধির পরিবেশ তৈরি করতে হবে।
দলের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদের পরিচালনায় এই নীতি নির্ধারণী বৈঠকে আরও উপস্থিত ছিলেন সংগঠনের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান এবং ইঞ্জিনিয়ার আশরাফুল আলমসহ কেন্দ্রীয় অন্য নেতৃবৃন্দ।