সেতুমন্ত্রীর সফরে বাউফলে বিএনপি-জামায়াত হাতাহাতি, মঞ্চে না উঠে ফিরলেন মন্ত্রী

প্রকাশ: মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ণ
সেতুমন্ত্রীর সফরে বাউফলে বিএনপি-জামায়াত হাতাহাতি, মঞ্চে না উঠে ফিরলেন মন্ত্রী
সেতুমন্ত্রীর উপস্থিতিতে বিএনপি-জামায়াতের দুই পক্ষের হাতাহাতি। ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক: পটুয়াখালীর বাউফলে লোহালিয়া নদীর ওপর প্রস্তাবিত সেতু নির্মাণস্থল পরিদর্শনে এসে চরম রাজনৈতিক উত্তেজনার মুখে পড়েছেন যোগাযোগ ও সেতুমন্ত্রী রবিউল আলম। মঞ্চের ব্যানারে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ছবি না থাকাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতপন্থী দুই পক্ষের মধ্যে স্লোগান, বাগ্‌বিতণ্ডা ও হাতাহাতির ঘটনায় শেষ পর্যন্ত মন্ত্রী নির্ধারিত মঞ্চে না উঠেই ফিরে গেছেন।

আজ মঙ্গলবার (১৯ মে) দুপুরে মন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে লোহালিয়া নদীর দুই প্রান্ত—বগা ও দুমকীতে পৃথক দুটি সমাবেশ মঞ্চ নির্মাণ করা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, বগা প্রান্তের মঞ্চটির আয়োজন করেছিলেন পটুয়াখালী-২ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নেতা ড. শফিকুল ইসলাম মাসুদ। মন্ত্রী ফেরিযোগে নদী পার হয়ে বগা প্রান্তে পৌঁছালে সেখানে বাউফল উপজেলা বিএনপির একদল নেতা-কর্মী স্লোগান দিয়ে বিক্ষোভ শুরু করেন। তাদের অভিযোগ, সরকারি ও দলীয় এই অনুষ্ঠানের প্রধান ব্যানারে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের কোনো ছবি রাখা হয়নি।

এই নিয়ে ড. শফিকুল ইসলাম মাসুদের সমর্থক ও বিএনপি নেতা-কর্মীদের মধ্যে তীব্র বাগ্‌বিতণ্ডা শুরু হয়, যা একপর্যায়ে ধাওয়া-পাল্টা ধাওয়া ও হাতাহাতিতে রূপ নেয়। পরিস্থিতি উত্তপ্ত ও হট্টগোল তৈরি হলে নিরাপত্তাজনিত কারণে সেতুমন্ত্রী বগা প্রান্তের মঞ্চে না উঠে সেখান থেকে দুমকি প্রান্তে চলে যান এবং সেখানে নির্মিত অপর মঞ্চের সংক্ষিপ্ত সভায় অংশ নেন। বাউফল থানা পুলিশ জানিয়েছে, দুই পক্ষের মিছিল ও উত্তেজনার কারণে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে মন্ত্রী অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।

মন্তব্য করুন