ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর গঠিত নতুন বিএনপি সরকারের মন্ত্রিসভায় সিরাজগঞ্জ জেলা থেকে এক অনন্য নজির সৃষ্টি হতে যাচ্ছে। এবার একই জেলা থেকে মন্ত্রিসভায় ডাক পেয়েছেন সম্পর্কে মামা-ভাগনে দুই প্রভাবশালী নেতা। সিরাজগঞ্জ-২ আসন থেকে বিপুল ভোটে নির্বাচিত বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু এবং সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসন থেকে প্রথমবার নির্বাচিত তাঁর ভাগনে ড. এম এ মুহিত মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ নেওয়ার জন্য ফোন পেয়েছেন। আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে তারা শপথ গ্রহণ করবেন বলে নিশ্চিত করেছেন ইকবাল হাসান মাহমুদ টুকুর ব্যক্তিগত সহকারী মোস্তফা আলাল নোমান।
অভিজ্ঞ রাজনীতিবিদ ইকবাল হাসান মাহমুদ টুকু এবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রীর দায়িত্ব পেতে যাচ্ছেন। এর আগে ২০০১ সালের জোট সরকারের আমলেও তিনি একই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। অন্যদিকে টুকুর ভাগনে ও প্রখ্যাত চক্ষু বিশেষজ্ঞ সাবেক উপ-প্রধানমন্ত্রী ডা. এম এ মতিনের ছেলে ড. এম এ মুহিত ডাক, তার ও টেলিযোগাযোগ এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন। শাহজাদপুর আসন থেকে দ্বিতীয়বারের মতো দাঁড়িয়ে এবারই প্রথম ১ লাখ ৭১ হাজার ৫০৮ ভোট পেয়ে বিশাল ব্যবধানে জয়ী হয়েছেন তিনি।
সিরাজগঞ্জের ইতিহাসে এই প্রথম একই সঙ্গে জেলা থেকে একজন পূর্ণ মন্ত্রী ও একজন প্রতিমন্ত্রী পাওয়ার ঘটনায় আনন্দিত দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ। এই খবর ছড়িয়ে পড়ার পর থেকেই সিরাজগঞ্জ সদর ও শাহজাদপুরসহ পুরো জেলায় উৎসবের আমেজ বিরাজ করছে এবং সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শুভেচ্ছার জোয়ার বইছে।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ