বিশ্বকাপ ফুটবল ঘিরে দেশে ১০ জনের মৃত্যু হয়েছে: ক্রীড়া প্রতিমন্ত্রী
অনলাইন ডেস্ক: চলমান ফিফা বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে তৈরি হওয়া সহিংসতায় এ পর্যন্ত অন্তত ১০ জন প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।
বৃহস্পতিবার (৯ জুলাই) জাতীয় সংসদে বেসরকারি সদস্যদের বিল ও প্রস্তাবের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে ফুটবল উন্মাদনার জেরে ঘটে যাওয়া এসব অনাকাঙ্ক্ষিত সংঘর্ষ ও প্রাণহানির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন প্রতিমন্ত্রী।
সিলেট-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল মালেকের একটি বেসরকারি প্রস্তাবের ওপর আলোচনাকালে ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, “পুরো বাংলাদেশ এখন ফিফা বিশ্বকাপ ফুটবলের জ্বরে কাঁপছে। আমাদের তরুণ ও যুবসমাজ পাড়া-মহল্লায় ফুটবল নিয়ে মেতে উঠেছে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, এই বিশ্বকাপকে কেন্দ্র করে দেশের বেশ কিছু জায়গায় সহিংস ও রক্তক্ষয়ী ঘটনা ঘটেছে। আমাদের কাছে থাকা তথ্য অনুযায়ী, এসব সংঘর্ষে এখন পর্যন্ত ১০ জন মানুষ মারা গেছেন।”
ফুটবল খেলাকে কেন্দ্র করে যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানান আমিনুল হক। তিনি বলেন, “দেশবাসীর উদ্দেশ্যে আমি বলব—খেলাধুলা মূলত বিনোদন ও আনন্দের একটি অনুষঙ্গ। এটি আনন্দ ছাড়া আর কিছু নয়। প্রিয় দল নিয়ে সমর্থকদের মাঝে তর্ক-বিতর্ক বা নানামুখী আলোচনা চলতেই পারে। বাংলাদেশের প্রেক্ষাপটে ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকদের মধ্যকার যে চিরাচরিত উত্তেজনা, সেটি যেন কেবলই আনন্দের মধ্যে সীমাবদ্ধ থাকে; কোনোভাবেই যেন তা সহিংসতায় রূপ না নেয়।”
তিনি আরও যোগ করেন, “বিশ্বকাপের উন্মাদনাকে কেন্দ্র করে কেউ যেন কোনো ধরনের বিশৃঙ্খলা বা মারামারিতে না জড়ায় এবং আর একটিও প্রাণহানির ঘটনা যেন না ঘটে, সেজন্য আমি সবার প্রতি জোরালো আহ্বান জানাচ্ছি।”
ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেন, “খেলাধুলা সবসময়ই একটি উৎসবমুখর বিষয়। এটি নিয়ে সাধারণ মানুষের মাঝে উন্মাদনা ও বাড়তি উৎসাহ-উদ্দীপনা থাকবে—এটাই স্বাভাবিক। বর্তমানে দেশের প্রায় প্রতিটি ঘরে ঘরেই ব্রাজিল-আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে কথার যুদ্ধ চলছে। ইতোমধ্যে ব্রাজিলের সমর্থকেরা কিছুটা হতাশ, কারণ তাদের দল টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে। তবে দেশের এই ফুটবল চিত্রটি যেন সবসময় সৌহার্দ্যপূর্ণ ও উৎসবমুখর থাকে। একে কেন্দ্র করে যেন কোনো পরিবারে অকাল ট্র্যাজেডি নেমে না আসে।”
এআইএল/সকালবেলা
|