সৌদিতে অসুস্থ প্রবাসীকে দেশে ফেরালেন প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী
প্রকাশ: শুক্রবার, ২১ আগস্ট ২০২৬, ০১:৩৬ অপরাহ্ণ
জাতীয় ডেস্ক : সৌদি আরবের রিয়াদে দীর্ঘ দিন গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে পড়ে থাকার পর অবশেষে নিজ মাতৃভূমিতে ফিরে এসেছেন মাদারীপুরের কালকিনি উপজেলার বাসিন্দা প্রবাসী মো. নুর ইসলাম তালুকদার (৫০)। পরিবারের চরম আর্থিক অনটনের কারণে চিকিৎসা চালানো এবং দেশে ফেরা যখন পুরোপুরি অনিশ্চিত হয়ে পড়েছিল, ঠিক তখনই তাঁর পাশে এসে দাঁড়ান প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।নুর ইসলাম মাদারীপুরের কালকিনি উপজেলার কোলচুরি সস্তাল এলাকার মো. হাবিবুর রহমান তালুকদারের ছেলে।গণঅধিকার পরিষদ মাদারীপুর শাখার সাংগঠনিক সম্পাদক মো. মামুন হাওলাদার জানান, রিয়াদে কর্মরত অবস্থায় হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন নুর ইসলাম। দীর্ঘদিন হাসপাতালে ভর্তি থাকার পর চিকিৎসার খরচ চালানো কিংবা তাঁকে দেশে ফিরিয়ে আনার মতো কোনো আর্থিক সামর্থ্য ছিল না তাঁর পরিবারের।
বিষয়টি জানতে পেরে স্থানীয়ভাবে উদ্যোগ নেন মামুন হাওলাদার এবং সরাসরি বিষয়টি প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নুরকে অবহিত করেন। ঘটনাটি জানার পরপরই প্রতিমন্ত্রীর ব্যক্তিগত হস্তক্ষেপে প্রথমে সৌদি হাসপাতালে নুর ইসলামের চিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থার ব্যবস্থা করা হয়। পরবর্তীতে তাঁকে দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় প্রশাসনিক কার্যক্রম শুরু করতে নির্দেশ দেন তিনি।প্রতিমন্ত্রীর নির্দেশনা মোতাবেক প্রয়োজনীয় কাগজপত্র ও বায়োডাটা সংগ্রহ করে মন্ত্রণালয়ে জমা দেওয়া হলে শুরু হয় আনুষ্ঠানিক প্রত্যাবাসন প্রক্রিয়া। দীর্ঘ আইনি ও প্রশাসনিক জটিলতা পার করে অবশেষে গত ১৪ আগস্ট নুর ইসলাম তালুকদারকে নিরাপদে দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়। বর্তমানে তিনি গ্রামের বাড়িতে স্বজনদের সান্নিধ্যে চিকিৎসাধীন রয়েছেন।এ বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে চোখে জল নিয়ে অসুস্থ নুর ইসলাম বলেন, "এক সময় ভেবেছিলাম হয়তো আর কোনোদিন বেঁচে দেশে ফেরা হবে না। প্রতিমন্ত্রীর মানবিক সহযোগিতার কারণেই আজ আমি নিজের দেশে, নিজের পরিবারের কাছে ফিরতে পেরেছি। তাঁর এই ঋণ আমি কখনো ভুলব না।"প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানসংক্রান্ত যেকোনো আইনি সহায়তা ও সরকারি সেবার তথ্যের জন্য ওয়েবসাইটে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় -এর পোর্টালে ভিজিট করা যেতে পারে।
|