হাসিনা ফিরলে লাল প্রোফাইলধারীদের জীবন কালো করবে: এমপি রানু
সংসদ বিষয়ক প্রতিবেদক: শেখ হাসিনা যদি আবারও কোনোভাবে দেশে ফিরে আসেন, তবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় যারা ফেসবুকে প্রোফাইল লাল করেছিলেন, তাঁদের জীবন কালো করে ছাড়বেন বলে মন্তব্য করেছেন বিএনপি দলীয় সংসদ সদস্য রেহানা আক্তার রানু।
আজ মঙ্গলবার (২৩ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে সংরক্ষিত নারী আসনের এই সংসদ সদস্য এমন মন্তব্য করেন। এ সময় সংসদ অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
বিরোধী দলের তীব্র সমালোচনা করে রেহানা আক্তার রানু বলেন, “এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বয়স মাত্র ৪ মাস। এরই মধ্যে বিরোধী দল বলছে আরেকটি আন্দোলনের জন্য প্রস্তুত হতে। আমি ওনাদের বলতে চাই, আপনারা আমাদের প্রধানমন্ত্রীর প্রতি আস্থা রাখুন, তাঁকে রাষ্ট্র সংস্কারে সহযোগিতা করুন। আপনাদের দায়িত্বজ্ঞানহীন আচরণের কারণে আবারও যদি দানব হাসিনা— আল্লাহ না করুক, আল্লাহ না করুক— ফিরে আসে, তবে যারা ফেসবুকে প্রোফাইল লাল করেছিলেন, তাদের জীবনটা কিন্তু সে কালো করে ছাড়বে।”
বিগত স্বৈরাচারী সরকারের নির্যাতন সেল ‘আয়নাঘর’ প্রসঙ্গে টেনে তিনি আরও বলেন, “কিছুদিন আগে আমরা সবাই গণমাধ্যমে ‘আয়নাঘর’ দেখেছি। সেখানে একটি বিশেষ ভয়ংকর চেয়ার দেখা গেছে। ওই চেয়ারে আটকে রেখে বিরোধী দলের নেতাকর্মীদের নির্মমভাবে ইলেকট্রিক শক দেওয়া হতো। আমার জোর দাবি, শেখ হাসিনাকে অবিলম্বে দেশে ফিরিয়ে এনে ওই নির্দিষ্ট চেয়ারে বসিয়ে ইলেকট্রিক শক দেওয়া হোক, যাতে তিনি ভুক্তভোগীদের কষ্ট অনুধাবন করতে পারেন।”
বাজেট অধিবেশনের এই সাধারণ আলোচনায় সরকারের বিভিন্ন সংস্কার উদ্যোগ ও বিগত সরকারের আমলের দুর্নীতি নিয়েও বিস্তারিত বক্তব্য রাখেন এই সংসদ সদস্য।
এআইএল/সকালবেলা
|