ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রকাশ: বুধবার, ১৭ জুন ২০২৬, ০২:২৮ অপরাহ্ণ
ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক: দেশের প্রান্তিক ও নিম্ন আয়ের মানুষের নিত্যপণ্যের চাহিদা পূরণ এবং মূল্যস্ফীতির প্রভাব মোকাবিলায় সরকারের জনকল্যাণমুখী উদ্যোগ ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের তৃতীয় ধাপের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৭ জুন) দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ভিক্টোরিয়া কলেজ মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই কার্যক্রমের সূচনা করেন।

দুপুর ১টায় প্রধানমন্ত্রী ভিক্টোরিয়া কলেজ মাঠে উপস্থিত হয়ে ফ্যামিলি কার্ড বিতরণের উদ্বোধনের মধ্য দিয়ে তার আজকের দিনের সফরসূচি শুরু করেন। অনুষ্ঠানে স্থানীয় নিম্ন আয়ের উপকারভোগীদের হাতে কার্ড তুলে দেওয়ার সময় প্রধানমন্ত্রী তাদের খোঁজখবর নেন এবং সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচিগুলো সুষ্ঠুভাবে পরিচালনার নির্দেশনা প্রদান করেন। এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে সাধারণ মানুষ সরকার নির্ধারিত সাশ্রয়ী মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য সামগ্রী কেনার সুযোগ পাবেন।

শ্রীমঙ্গলের এই উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রীর পরবর্তী গন্তব্য মৌলভীবাজার উচ্চ বিদ্যালয় মাঠ। সেখানেও তিনি স্থানীয়দের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে যোগ দেবেন এবং সংক্ষিপ্ত বক্তব্যে সরকারের উন্নয়ন অগ্রযাত্রা তুলে ধরবেন। এরপর বিকেলে তিনি দুসাই রিসোর্টে দলীয় নেতাদের সঙ্গে আয়োজিত একটি বিশেষ সভায় অংশ নেবেন। সেখানে তিনি স্থানীয় রাজনৈতিক পরিস্থিতি ও সংগঠনের নানা দিক নিয়ে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন বলে জানা গেছে।

দিনব্যাপী ব্যস্ততম কর্মসূচি পালন শেষে আজ বিকালেই প্রধানমন্ত্রী ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন। প্রধানমন্ত্রীর এই সফর ঘিরে মৌলভীবাজার জেলা জুড়ে স্থানীয় প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। উল্লেখ্য, সরকার পর্যায়ক্রমে সারাদেশের সুবিধাবঞ্চিত পরিবারগুলোর কাছে এই কার্ড পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে, যাতে সাধারণ মানুষের জীবনযাত্রার মান আরও সহজ হয়।

জান্নাত সকালবেলা

মন্তব্য করুন