যে বাজেটে ট্যাক্স কমল, সে বাজেট বিরোধী দলের পছন্দ নয়: প্রধানমন্ত্রী

প্রকাশ: শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:৪১ অপরাহ্ণ
যে বাজেটে ট্যাক্স কমল, সে বাজেট বিরোধী দলের পছন্দ নয়: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নতুন বাজেটে মানুষের সুবিধার জন্য ৬০টি পণ্যের ওপর কর প্রত্যাহার করা হয়েছে। অথচ যে বাজেটে ট্যাক্স কমানো হলো, সেই বাজেট বিরোধী দলের পছন্দ নয়। তাদের উদ্দেশ্য মানুষের পাশে থাকা নয়, বরং দেশের মধ্যে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা।

শনিবার (১৩ জুন) বেলা সোয়া ১১টার দিকে কক্সবাজার সদরের পিএমখালীতে ঐতিহাসিক ‘পাতলী খাল’ পুনঃখনন কাজের উদ্বোধনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, বাজেটের পর এখন পর্যন্ত বাজারে নিত্যপণ্যের দাম বাড়েনি। বিএনপির রাজনীতি হচ্ছে এ দেশের সাধারণ মানুষের কল্যাণের জন্য। তিনি উল্লেখ করেন, কক্সবাজারের এই পাতলী খাল পুনঃখননের ফলে সরাসরি এলাকার ৪০ হাজার মানুষ সুবিধা পাবে এবং প্রায় ৮ হাজার কৃষক সরাসরি উপকৃত হবে।

এর আগে সকাল ১০টায় দিনব্যাপী রাষ্ট্রীয় সফরে সপরিবারে কক্সবাজার পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে পাতলী খাল খনন কাজ উদ্বোধন শেষে চকরিয়ায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি ও জনসভাসহ বিভিন্ন কর্মসূচিতে তার অংশ নেওয়ার কথা রয়েছে।

মন্তব্য করুন