ইনকিলাব কালচারাল সেন্টারের দায়িত্ব ছাড়লেন জাবের ও জুমা

প্রকাশ: বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ণ
ইনকিলাব কালচারাল সেন্টারের দায়িত্ব ছাড়লেন জাবের ও জুমা

নিজস্ব প্রতিবেদক: ইনকিলাব কালচারাল সেন্টারের শীর্ষ দুই নেতা পদত্যাগের ঘোষণা দিয়েছেন। সংগঠনটির প্রতিষ্ঠাকালীন নির্বাহী পরিচালক ও বর্তমান চেয়ারম্যান আবদুল্লাহ আল জাবের এবং বর্তমান ভাইস প্রেসিডেন্ট ও প্রতিষ্ঠাকালীন সদস্য ফাতিমা তাসনিম জুমা স্ব-স্ব পদ থেকে সরে দাঁড়িয়েছেন।

বুধবার (৮ জুলাই) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পৃথক দুটি পোস্টের মাধ্যমে তাঁরা এই সিদ্ধান্তের কথা জানান। তবে ইনকিলাব কালচারাল সেন্টার ছাড়লেও তাঁরা ‘ইনকিলাব মঞ্চ’-এর দায়িত্বে বহাল থাকবেন বলে স্পষ্ট করেছেন।

পোস্টে আবদুল্লাহ আল জাবের জানান, শহীদ ওসমান হাদির ওয়ারিশদের দাবি এবং বিদ্যমান দলিল-দস্তাবেজের ওপর ভিত্তি করে ইনকিলাব কালচারাল সেন্টারটি দাবিদারদের কাছে হস্তান্তর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি উল্লেখ করেন, “শহীদ ওসমান হাদি শাহাদাতের আগে এই সেন্টারের জন্য একটি ট্রাস্ট গঠনের উদ্যোগ নিলেও তা সম্পন্ন করে যেতে পারেননি।”

শুরু থেকেই সংগঠনটি ‘জনতার আমানত’ হিসেবে পরিচালিত হওয়ার লক্ষ্য ছিল জানিয়ে জাবের বলেন, বিগত ছয় মাস ধরে ওয়ারিশ-সংক্রান্ত বিষয়টি সমাধানের চেষ্টা করা হলেও পরিস্থিতি ক্রমশ জটিল আকার ধারণ করেছে। তাই শহীদ ওসমান হাদির সম্মান রক্ষার্থে ও তাঁর পরিবারের দাবির পরিপ্রেক্ষিতে এই হস্তান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অন্যদিকে, ডাকসুর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক ফাতিমা তাসনিম জুমা তাঁর ফেসবুক পোস্টে লেখেন, জুলাই-পরবর্তী সময়ে বিভিন্ন রাজনৈতিক অফার প্রত্যাখ্যান করে দেশীয় সংস্কৃতির বিকাশের স্বার্থে তিনি ইনকিলাবে যুক্ত হয়েছিলেন। তবে সময়ের সাথে সাথে সংগঠনটি মূল সাংস্কৃতিক কর্মকাণ্ডের বাইরে গিয়ে রাজনৈতিক বলয়ে প্রবেশ করতে শুরু করলে তিনি উদ্বেগ প্রকাশ করেন।

জুমা আরও জানান, শহীদ ওসমান হাদির শাহাদাতের পর ওয়ারিশ ও ট্রাস্ট গঠন নিয়ে নানা জটিলতা তৈরি হয়। এই বিষয়টিকে কেন্দ্র করে প্রকাশ্যে অপপ্রচার ও মানহানিকর মন্তব্য ছড়িয়ে পড়ায় তিনি প্রচণ্ড মানসিক চাপে ছিলেন। উদ্ভূত পরিস্থিতিতে সেন্টারের ভাবমূর্তি ও শহীদের মর্যাদা রক্ষায় এটি হস্তান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সাথে জুমা জানান, শহীদ ওসমান হাদির শাহাদাতের আগের অ্যাকাউন্টগুলো ফ্রিজ করা থাকলেও, তাঁর দায়িত্বকালীন সময়ের সমস্ত আর্থিক হিসাব খুব দ্রুত প্রকাশ করা হবে।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন