ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩২
জ্যেষ্ঠ প্রতিবেদক: রাজধানী ঢাকায় অপরাধ দমন ও মাদকবিরোধী বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩২ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এই সময়ে মহানগরের বিভিন্ন থানায় সংশ্লিষ্ট অপরাধে নতুন করে ৫৪টি মামলা দায়ের করা হয়েছে।
বুধবার (৮ জুলাই) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তার হওয়াদের মধ্যে সবচেয়ে বেশি আটক হয়েছে মিরপুর বিভাগ থেকে। বিভাগভিত্তিক তালিকায় গ্রেপ্তারকৃতরা হলেন— মিরপুর বিভাগ: ১০৭ জন, ওয়ারী বিভাগ: ৫৯ জন, রমনা বিভাগ: ৫০ জন, মতিঝিল বিভাগ: ৪৯ জন, তেজগাঁও বিভাগ: ৪৯ জন, গুলশান বিভাগ: ৪৫ জন, উত্তরা বিভাগ: ৩৭ জন, লালবাগ বিভাগ: ৩৩ জন, গোয়েন্দা বিভাগ (ডিবি): ৩ জন।
অভিযান পরিচালনাকালে পুলিশ আসামিদের কাছ থেকে বেশ কিছু দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্য জব্দ করেছে। এর মধ্যে রয়েছে ১৬ কেজি ৫৪০ গ্রাম গাঁজা, ৪৪৬ পিস ইয়াবা ট্যাবলেট ও ৩২ গ্রাম হেরোইন। এছাড়া অপরাধমূলক কাজে ব্যবহৃত একটি শুটার গান (অস্ত্র), একটি মোটরসাইকেল, একটি কাঠ কাটার মেশিন, একটি গ্র্যান্ডিং মেশিন এবং একটি স্ট্যান্ড ফ্যান উদ্ধার করা হয়।
ডিএমপি জানিয়েছে, রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং ছিনতাই-মাদকসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে এই অভিযান চালানো হয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
এআইএল/সকালবেলা
|